ষড়যন্ত্রের সূচনাকারী অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের সূচনাকারী বলে অভিযোগ করেছেন বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল রোববার এক প্রেস ব্রিফিংয়ে ফোরামের নেতারা এ অভিযোগ করেন। এদিকে সুপ্রিম কোর্টের সামনের সড়কে হরতালের সমর্থনে আইনজীবীদের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার সারা দেশের জেলা পর্যায়ে আইনজীবী সমিতিতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া এ কর্মসূচি ঘোষণা করেন। দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির সমর্থক কয়েকজন আইনজীবী পুলিশের লাঠিপেটার মুখে পড়েন। এ ঘটনায় একটার দিকে প্রেস ব্রিফিং করেন ফোরামের নেতারা। ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘শনিবার আইএসপিআর বলেছিল খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন। এ জন্য তারা তাঁকে ধন্যবাদ জানায়। আজ (রোববার) আইএসপিআর বলছে, খালেদা জিয়া তাদের গালাগালি করেছেন। খালেদা জিয়া যদি স্বেচ্ছায়ই বাড়ি ছেড়ে যান, তাহলে গালিগালাজ কেন করবেন? আইএসপিআরের কোন বক্তব্য সঠিক?’ বাড়ি নিয়ে আইএসপিআর পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব ও ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। আর এই ষড়যন্ত্রের সূচনা করেন অ্যাটর্নি জেনারেল। তিনি গত ১১ নভেম্বর বক্তব্যে বলেছেন, বাড়ি না ছাড়লে খালেদা জিয়া আদালত অবমাননা করবেন। এ বক্তব্য ছিল অসত্য। হাইকোর্টের রায়ে খালেদার বাড়ি ছাড়ার নির্দেশ ছিল না। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর খালেদা স্বেচ্ছায় বাড়ি ছাড়ছেন বলে বক্তব্য দেয় আইএসপিআর। অ্যাটর্নি জেনারেল ও আইএসপিআরের বক্তব্যের মধ্যে ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে—অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। এ ষড়যন্ত্রের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে জাতির কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন মাহাবুবউদ্দিন।জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: খালেদা জিয়ার বাড়ি ইস্যুতে হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরকার সমর্থক আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক মোশফাকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বাড়িকে কেন্দ্র করে রাজনৈতিক ইস্যু তৈরি করা হয়েছে। জনগণ তা প্রত্যাখ্যান করেছে।