সংকট কাটিয়ে ওঠার পথে লেদার টেকনোলজি
সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে চামড়াশিল্প বিষয়ে উচ্চশিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান লেদার টেকনোলজি ইনস্টিটিউট। শুরু হয়েছে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াও। প্রথমবারের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার শিক্ষার্থীদের এই ইনস্টিটিউটে ভর্তি করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর ‘ক’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম বছর লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং—এই তিনটি বিষয়ে ৪০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। শিক্ষার্থী ভর্তির পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্য শিক্ষক নিয়োগপ্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। শিক্ষক-সংকটের কারণে অচলাবস্থার মুখে পড়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি। নতুন করে ছাত্র ভর্তিও বন্ধ করে দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানটিতে। এ নিয়ে শিক্ষার্থীরা একপর্যায়ে আন্দোলন শুরু করেন। পরে এ বছরের জুনে কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ঘোষণা করা হয়। তবে এখন পর্যন্ত এই ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ করা হয়নি। রাজধানীর চামড়াশিল্পের কেন্দ্র হাজারীবাগে নিজস্ব প্রায় ১৪ একর জায়গায় প্রতিষ্ঠিত কলেজটিতে আছে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতি। দেশের আর কোনো প্রতিষ্ঠানে এসব যন্ত্র নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লেদার টেকনোলজির সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কলেজ প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ১৮ আগস্ট একটি সভায় বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠানটির সবকিছু বুঝিয়ে দেওয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এ আই মোস্তফা নতুন এ ইনস্টিটিউটটির দায়িত্বে আছেন। তিনি প্রথম আলোকে জানান, ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়কে স্থাবর-অস্থাবর সব সম্পত্তিসহ সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। নতুন ছাত্র ভর্তির আগেই ইনস্টিটিউটের জন্য ২০ জন স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সে প্রক্রিয়া শুরু হয়েছে।ডিন বলেন, এখন যাঁরা প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন, তাঁদের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক ও একাডেমিক—দুটি দৃষ্টিকোণ থেকেই দেখছে। এখন সেখানে নিয়মিত পাঁচজন ছাড়াও প্রকল্পভুক্ত ২০ জনের মতো শিক্ষক আছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতা দেখা হয় তাঁদের ক্ষেত্রে সেটি শিথিল থাকবে। যোগ্যতায় যারা একেবারেই টিকবে না, তারা ছাড়া বাকিদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ১৯৯৭ সালে একটি প্রকল্পের অধীনে ওই প্রতিষ্ঠানে ২৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে শেষ হয় ওই প্রকল্প। প্রকল্প শেষ হওয়ার পর শুরু হয় শিক্ষকসংকট। কারণ প্রকল্পভুক্ত শিক্ষকদের রাজস্ব খাতখভুক্ত করার সুযোগ ছিল না। প্রকল্প শেষ হওয়ার পরও অনেক শিক্ষক সেখানে ছিলেন। কিন্তু তাঁদের স্থায়ী করা যায়নি। নিয়োগ বিধি না থাকায় নতুন শিক্ষক নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় সংকট সমাধানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ করার সিদ্ধান্ত নেয়। গত ৭ জুন প্রধান মন্ত্রী ওই সিদ্ধান্তে অনুমোদন দেন।