সরকার ক্ষমতায় আসার ১৫ মাস পেরিয়ে গেলেও পানি, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য, যানজটসহ জনজীবনের সংকট সমাধানে কোনো অগ্রগতি দেখাতে পারেনি। সমস্যার সমাধানে আশু ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতেও সরকার ব্যর্থ হয়েছে। গণমুখী পরিবহননীতি গ্রহণ না করায় যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। ফলে পরিবেশ ও প্রকৃতি হুমকির সম্মুখীন হচ্ছে।বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংকট নিরসনসহ ১২ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন পার্টির সভাপতি মনজুরুল আহসান খান। এর আগে একই দাবিতে সিপিবির নেতা-কর্মীরা লাল পতাকা মিছিল বের করেন। গতকাল শনিবার আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব, জাহিদ হোসেন খান, জলি তালুকদার, কার্তিক চক্রবর্ত্তী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আবদুল কাদের। বিজ্ঞপ্তি।