সংকট নিরসনে দুই নেত্রীকে সংলাপে বসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী দলের অনড় অবস্থান থাকায় সংঘাত এড়াতে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। এ ক্ষেত্রে অনুনয়-বিনয় না করে দুই নেত্রীর ওপর চাপ সৃষ্টির কথা বলেছেন তাঁরা।গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে ফেমা আয়োজিত ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: কী এবং কীভাবে?’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে মহাজোটের সাংসদেরা বর্তমান সংবিধানের আওতায় সমাধানের কথা বলেছেন। এ ক্ষেত্রে বিরোধী দলকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিরোধী দলের সাংসদ বলেন, অন্তর্বর্তী সরকারে আপত্তি নেই, তবে তা নির্দলীয় হতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।ফেমার আলোচনাপত্রে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অবিশ্বাস থেকেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। কিন্তু এই অবিশ্বাস অব্যাহত আছে এবং আরও বেড়েছে।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘জেদাজেদি করে রাজনীতি করা যায় না। আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চাই। তাই গণতান্ত্রিক ধারা বজায় রাখার স্বার্থে জাতীয় ঐকমত্যে আসা উচিত।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, নির্দলীয় সরকারের ত্রুটি-বিচ্যুতি ও অসম্পূর্ণতা দূর করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা আজ গণদাবি। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন যাঁদের নিয়ে গঠন করা হয়েছে, তাঁদের সবাই সরকারি দলপন্থী। এ অবস্থায় নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে আরও গুরুতর।মহাজোটের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আদালতের রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ার পর এখন আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। কারণ সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থায় ফিরে গেলেও যে কেউ মামলা করলে তা বাতিল হয়ে যাবে। সুতরাং আদালতের রায় সবাইকে মানতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক বিন্যাস কী হবে, তা স্থির করতে হবে। এ ক্ষেত্রে তিনি নির্বাচনকালে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও অর্থ নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, সরকার চাইলে নির্বাচন সুষ্ঠু হতে পারে। তিনি বলেন, ‘ভোটারদের শিক্ষিত করতে হবে। সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার ব্যাপারে তাঁদের উৎসাহিত করতে হবে। এতে সংসদে গুণগত পরিবর্তন এলে সমাধান হবে। এ ছাড়া কোনো সমাধান দেখছি না।’ মহাজোটের সাংসদ ও জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বহুদলীয় অন্তর্বর্তী সরকারব্যবস্থায় মনোযোগ দেওয়া হোক। আর যাঁরা তত্ত্বাবধায়ক সরকরব্যবস্থা চাইছেন, তাঁরা কেবল আদালতে রিভিউ আবেদন করতে পারেন। আদালতে আইনি লড়াইয়ে যেতে পারেন। তা ছাড়া সম্ভব নয়।নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দুই নেত্রীর মধ্যে অবিশ্বাস এমন পর্যায়ে গেছে যে, সেখান থেকে ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে না। দুই নেত্রীর ওপর ১৫ কোটি মানুষের চাপ সৃষ্টি করা না গেলে অনুনয়-বিনয় করে কাজ হবে না। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফেমার মুনীরা খান, সালমা আলী, তারিকুল গণি, এম এ মান্নান প্রমুখ।