সাতক্ষীরায় হামলাকারীদের বিচারের দাবি
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ
সাতক্ষীরার কালীগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ বাড়িতে লুটপাট ও নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাঁরা গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। একই ঘটনায় ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ও দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠন দুটির কেন্দ্রীয় নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গত বুধবার রাতে শাহবাগে এক ঘণ্টা সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর গতকাল সকালে জগন্নাথ হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগে যান। তাঁরা বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে শাহবাগ থেকে মৎস্য ভবন, বিশ্ববিদ্যালয়, ফার্মগেট ও সায়েন্স ল্যাবরেটরিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে বলে মিথ্যা অভিযোগ এনে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা স্থানীয় হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাঁদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। উপাচার্য বলেন, ‘সাতক্ষীরায় যে ঘটনা ঘটেছে তা লজ্জাকর, বেদনাদায়ক। তারা যে দলের সদস্য হোক না কেন, এ ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় নেওয়া হোক, এটা আমাদের দাবি।’ উপাচার্য ও পুলিশ প্রশাসনের অনুরোধে বেলা দেড়টার দিকে ছাত্ররা অবরোধ তুলে নেন। ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, যুদ্ধাপরাধের বিচার নস্যাৎ এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে চেষ্টা চালাচ্ছে। আর তাদের সাহায্য করছে প্রশাসনে লুকিয়ে থাকা একটি মহল। পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘কিছুদিন আগে চট্টগ্রামের হাটহাজারীর নন্দীর হাটে একই রকম ঘটনা ঘটেছে। এবার ঘটেছে সাতক্ষীরায়। এভাবে বারবার কেন সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে? সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না?’ পরিষদের নেতা সুব্রত চৌধুরী সাতক্ষীরার কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।