সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আওয়ামী লীগ কথা রাখেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা দাশগুপ্ত

সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় আওয়ামী লীগ প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ অঙ্গীকার করেছিল, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করবে। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করবে। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করবে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়ন করবে। পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্রুত বাস্তবায়নসহ সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করবে। কিন্তু প্রতিশ্রুতির তিন বছর পেরিয়ে গেলেও এসব ক্ষেত্রে দৃশ্যমান উদ্যোগ তারা দেখতে পারেনি।

রানা দাশগুপ্ত আরও বলেন, ৯ মার্চ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ৩৩টি সংগঠন মিলে গঠন করা সংখ্যালঘু ঐক্য মোর্চার সভায় এসব দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। ২৪ মার্চ প্রায় দুই লাখ মানুষের স্বাক্ষরসংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হবে।

সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে বলে জানান রানা দাশগুপ্ত। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন ও সাম্প্রদায়িক হামলা একসঙ্গে চলেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, এবারের নির্বাচন কমিশনে অন্তত একজন সংখ্যালঘু প্রতিনিধিকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি মানা হয়নি।

সংখ্যালঘু নির্যাতন বন্ধে নির্বাচন কমিশন কোনো আস্থার জায়গা তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেন রানা দাশগুপ্ত।

নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিশানা করে বিশেষ মহল আক্রমণ চালায় বলে অভিযোগ করেন রানা দাশগুপ্ত। তিনি বলেন, আগামী দুই থেকে আড়াই বছর সময় খুব সংকটপূর্ণ। কারণ অতীতে দেখা গেছে, নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও প্রমুখ বক্তব্য দেন।