সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উসকানিদাতা ও নেতৃত্বদানকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনাসহ চার দফা দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধিদল। গতকাল সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়। এর আগে গত ৮ মার্চ রাজনীতিবিদ, সংবাদকর্মী, শিক্ষক ও মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত আট সদস্যের একটি প্রতিনিধিদল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সরেজমিনে পরিদর্শন করে।তাদের অন্য দাবিগুলো হলো, ক্ষতিগ্রস্ত পরিবারের সঠিক তালিকা প্রণয়ন করে যথার্থ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা, যেসব রাজনৈতিক অপশক্তি ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে এবং জননিরাপত্তা বিঘ্নিত করছে সেগুলোকে অবিলম্বে নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার কারণ অনুসন্ধান করে সেগুলো দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব মীর। প্রতিনিধিদলের সমন্বয়ক ও গণ ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পুলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাংবাদিক সালিম সামাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।