দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অব্যাহত নিপীড়নের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এই হতাশা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সংখ্যালঘুদের যথাযথ ক্ষমতায়নের জন্য যুক্ত নির্বাচনের ভিত্তিতে জাতীয় সংসদে ৬০টি আসন সংরক্ষণের দাবি করেন তাঁরা।গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এতে বলা হয়, আগামী নির্বাচনের পূর্বাপর পরিস্থিতি নিয়ে সংখ্যালঘুদের মনে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি দেওয়ার জন্য সাহাবুদ্দিন কমিশনের দেওয়া প্রতিবেদন বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ২০১১ সালে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করার ভিত্তিহীন অভিযোগে বিভিন্ন জেলায় শিক্ষকদের ওপর চালানো হামলা ও নিপীড়নের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেয়নি।লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১২ সালে প্রশাসনের নাকের ডগায় চট্টগ্রাম মহানগর ও হাটহাজারী, সাতক্ষীরা, দিনাজপুরের চিরিরবন্দর, রাঙামাটি, কক্সবাজারের রামু ও উখিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। কোথাও কোথাও পুলিশ প্রশাসন এসব ঘটনায় উসকানি দিয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ বা মঠ-মন্দির নির্মাণে সরকার কিছুটা উদ্যোগী হলেও হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সংখ্যালঘুদের ওপর অবর্ণনীয় হামলা, হুমকি, লুটতরাজ বন্ধ হয়নি। পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার যে যথেচ্ছ ব্যবহার হয়েছে, তাতে সংখ্যালঘুদের মনে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতা ব্যবহার না করতে এবং সংখ্যালঘুদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়। সংবিধানে সংখ্যালঘুদের রক্ষাকবচ বিধান সংযুক্ত করারও দাবি জানায় ঐক্য পরিষদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংগঠনের নেতা সুব্রত চৌধুরী বলেন, সাহাবুদ্দিন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে তাঁরা দেখা করেছেন। মন্ত্রী সেই হামলায় ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দিয়েছেন। কিন্তু মামলা করার দায়িত্ব সরকারের।