সংগীতের জন্য ঘর ছাড়ছে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির আবাহনী মাঠ। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রস্তুতি চলছে। রোববার বিকেলে তোলা l ছবি: প্রথম আলো
ধানমন্ডির আবাহনী মাঠ। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রস্তুতি চলছে। রোববার বিকেলে তোলা l ছবি: প্রথম আলো

ধানমন্ডির আবাহনী মাঠে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে বেঙ্গল আয়োজিত ষষ্ঠ উচ্চাঙ্গসংগীতের আসর। পাঁচ দিন ধরে শাস্ত্রীয় সংগীতের সুরে উন্মনা হবে দেশ। কিন্তু নিজেদের ঘরে আয়োজিত এই সংগীতের রস আস্বাদনের সুযোগ পাবে না আবাহনী ফুটবল দল। কারণ, এই সংগীত উৎসব যখন চলবে, নিজেদের ক্লাব ভবনেই থাকবে না আবাহনী, উৎসব আয়োজনের সুবিধা করে দিতে ক্লাব ছেড়ে আশ্রয় নেবে হোটেলে, অনুশীলন করবে অন্যের মাঠে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ যেহেতু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, শিরোপা দৌড়ে থাকা আবাহনীর বিকল্প আবাসন ও অনুশীলন মাঠ লাগবেই।
আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইন-চার্জ কাজী নাবিল আহমেদ গত শনিবার প্রথম আলোকে বলেছেন, শাস্ত্রীয় সংগীতের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন আবাহনী ফুটবল দলের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করেছে। ২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ১১ দিন ফুটবল দলের ঠিকানা হবে কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চি, আর অনুশীলনের স্থান মোহাম্মদপুরের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের মাঠ। যে অবস্থায় মাঠ দেওয়া হচ্ছে, বেঙ্গল সেই অবস্থাতেই সেটি আবাহনীকে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০১২ সাল থেকে শুরু হয়ে গত বছর ২০১৬ পর্যন্ত বেঙ্গল আয়োজিত শাস্ত্রীয় সংগীত উৎসব আয়োজিত হয়েছে বনানীর আর্মি স্টেডিয়ামে। তবে এবার ওই স্টেডিয়াম না পেয়ে বেঙ্গল একটি ভালো বিকল্প জায়গা খুঁজছিল। অবশেষে আবাহনী লিমিটেড সাহায্যের হাত বাড়িয়ে বেঙ্গল ফাউন্ডেশনকে ক্লাব ভবন ও মাঠ ব্যবহারের অনুমতি দেয়। আবাহনীর সঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের ব্যক্তিগত সম্পর্ক এ ক্ষেত্রে কাজে লেগেছে। একসময় আবাহনীর প্রেসিডেন্ট ছিলেন আবুল খায়ের এবং তাঁর সময়েই আবাহনী ঢাকা ফুটবল লিগে ‘হ্যাটট্রিক’ চ্যাম্পিয়ন হয় (১৯৮৩, ’৮৪, ’৮৫)। আবুল খায়েরের সেই অবদান ভোলেনি আবাহনী, তাই নিজেদের সাময়িক অসুবিধা মেনে নিয়েও কয়েক দিনের জন্য ক্লাব ভবন ও মাঠ ছাড়ছে।
পেশাদার লিগে ষষ্ঠ শিরোপার অভিযানে নেমে এবার এখন পর্যন্ত পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী দল তাদের থেকে ৩ ও ১ পয়েন্ট এগিয়ে আছে। ১৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৪২, দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল ধানমন্ডির পয়েন্ট ৪০ আর ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে আবাহনী। শিরোপা জয়ের জন্য বাকি পাঁচটি ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। আজ নিজেদের ১৮তম ম্যাচে আরামবাগ ক্রীড়াসংঘের মুখোমুখি হবে আবাহনী। এর চার দিন পর তারা উঠে যাবে লা ভিঞ্চি হোটেলে। সংগীত উৎসবের মধ্যে দুটি ম্যাচ পড়েছে আবাহনীর। ২৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ম্যাচ আর ৩০ ডিসেম্বরের ম্যাচে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ৫ জানুয়ারি শেখ জামাল এবং ১১ জানুয়ারি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শেষ দুই ম্যাচ আবাহনীর।
সবচেয়ে বেশি পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন দলটির ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেছেন, শিরোপার লক্ষ্যে বাকি সব কটি ম্যাচই জেতার চেষ্টা করবে আবাহনী।