প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় খাবারের সন্ধানে মানুষের বসতি এলাকায় চলে আসছে হাতি। এতে হাতি ও মানুষের মধ্যে সংঘর্ষ বাড়ছে। এই সংঘর্ষে বছরে গড়ে চারটি হাতি ও ৩২ জন মানুষ মারা যাচ্ছে।গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বন বিভাগ মিলনায়তনে ‘বাংলাদেশে এশিয়ান হাতি সংরক্ষণ’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধে এ তথ্য জানানো হয়।ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনিরুল এইচ খান। সেমিনারে আইইউসিএন প্রকাশিত দি এশিয়ান এলিফ্যান্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড হিউম্যান—এলিফ্যান্ট কনফ্লিক্ট ইন সাউথ-ইস্টার্ন বাংলাদেশ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ে হাতির বর্তমান অবস্থা, সংখ্যা, স্বভাব ও বাংলাদেশে হাতির বিস্তৃতি নিয়ে ৬২টি জিআইএসভিত্তিক মানচিত্র রয়েছে।সেমিনারে প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলে মানুষ ও হাতির দ্বন্দ্ব বাড়ছে। হাতির আবাসস্থল সংরক্ষণে বন বিভাগ আরও উদ্যোগ নেবে। তবে এ ব্যাপারে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাংলাদেশে আইইউসিএনের প্রতিনিধি নিয়াজ আহমেদ খান বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরিকল্পিত চাষাবাদ ও আবাসভূমি ধ্বংসের ফলে ধ্বংস হচ্ছে বন। ফলে হাতির আবাসস্থল ও চলাচলের জায়গা সংকুচিত হয়ে আসছে। বাংলাদেশের হাতি নিয়ে ইউএস ফিশ অ্যান্ড ওয়ার্ল্ডলাইফের অর্থায়নে আইইউসিএন ২০০১ সাল থেকে হাতি সংরক্ষণে কাজ করছে।সেমিনারের প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নাসিরুদ্দিন বলেন, হাতির আবাস্থলের ওপর এত তথ্যসংবলিত বই এর আগে প্রকাশিত হয়নি। বইটি হাতি গবেষণায় মাইলফলক হয়ে থাকবে। এর উপকার পাবে নীতিনির্ধারকসহ স্থানীয় মানুষ।মূল প্রবন্ধে মনিরুল এইচ খান বলেন, হাতির কারণে বছরে তিন কোটি টাকার ফসল ও সম্পদ নষ্ট হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহ এলাকায় এই ক্ষতির পরিমাণ বেশি। চট্টগ্রাম-কক্সবাজার সীমান্ত এলাকায় মানুষের কারণে হাতি বেশি মারা যায়। আর দক্ষিণ চট্টগ্রামে হাতির কারণে মানুষের বেশি ক্ষতি হয়। হাতি সংরক্ষণে হাতির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা ও হাতি উদ্ধার কেন্দ্র স্থাপনের ওপর জোর দেন তিনি।