সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুর রহমানকে মারধর ও আটকে রাখার ঘটনার মামলার আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা মাসুদ রানাকে পাঁচ দিনেও খুঁজে পায়নি পুলিশ। অথচ গতকাল রোববার সেই মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করলেন।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। খুঁজে পাওয়া না গেলে তো কিছু করার নেই।’ মাসুদের সংবাদ সম্মেলনের কথা বললে ওসি বলেন, ‘বিষয়টি আমি পরে শুনেছি।’গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের উপস্থিতিতে মাসুদ সংবাদ সম্মেলন করেন। নিজেকে নির্দোষ দাবি করে মাসুদ বলেন, গত মঙ্গলবার ঘটনার পর প্রক্টরের কার্যালয়ে ওই পুলিশ কর্মকর্তা নিজের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। মাসুদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রোবায়েত রাকিব। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান, নূরুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার ভিক্টোরিয়া পার্ক এলাকায় মাসুদ রানার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান এএসআই সাইফুর। এর জের ধরে ছাত্রলীগের ২০-৩০ জন নেতা-কর্মী তাঁকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পুলিশ বক্সে আটকে রাখে।