সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নেই চুপ ছিলেন বাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাশফিয়া আখন্দ ওরফে পিংকির আত্মহত্যার প্ররোচনায় গ্রেপ্তারের পর থেকেই মুরাদ পুলিশকে এলোমেলো তথ্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। তার বখাটে সাঙ্গপাঙ্গরা আমাদের বাড়ির বাইরে পাহারা বসিয়েছে এবং প্রতিদিনই পৃথক নম্বরের মুঠোফোন থেকে পরিবারের সবাইকে হুমকি দিচ্ছে।’গতকাল বুধবার মামলার বাদী পিংকির চাচা আলী আশরাফ আখন্দ সংবাদ সম্মেলনে এ অভিযোগগুলো উত্থাপনের সঙ্গে সঙ্গে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নবাণে জড়িয়ে পড়েন। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মুরাদ পিংকির সঙ্গে তার প্রেমের মিথ্যা গল্প সাজিয়ে কিছু গণমাধ্যমকে প্রভাবিত করতে চাইছে। সংবাদকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগের ভিত্তি কী, জানতে চাইলে তিনি উত্তর দেননি। শুধু বলেন, ‘ন্যায়বিচার পেতে আমাদের সহযোগিতা করুন।’ কোন কোন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে, জানতে চাইলেও নাম্বারগুলো দিতে পারেননি আলী আশরাফ।ঘটনার পর পলাতক মুরাদের কথোপকথনের (রেকর্ড করা) একটি সিডি সাংবাদিকদের দিয়ে বাদী দাবি করেন, ‘সিডির পুরুষকণ্ঠ মুরাদের। গত কয়েক দিনে পরিবারের সদস্যদের ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তিনি গতকাল সকালে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করলেও সেখানে হুমকিদাতার কোনো নম্বর উল্লেখ করা হয়নি (জিডি নম্বর-১৬৩৬)। পিংকির মামলায় আইনি সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। অভিযুক্ত মুরাদ ঘুমের ওষুধে আসক্ত বলে জানান বাংলাদেশ মহিলা পরিষদের নূরানী বিলকিস। সাংবাদিকেরা জানতে চান, তিনি এ অভিযোগের প্রমাণ দেবেন কি না। তিনি বলেন, মুরাদই তাঁদের জানিয়েছে। পরে সাংবাদিকেরা জানতে চান, ঘুমের ওষুধ খাওয়ার বিষয়ে মুরাদের বক্তব্য বিশ্বাস করলে পিংকির সঙ্গে প্রেমের সম্পর্কের যে দাবি মুরাদ করছে, সেটা বিশ্বাস করা হবে না কেন। এ প্রশ্নেরও তিনি জবাব দেননি।থানা সূত্র বলছে, বাদীর গতকালের জিডিতে করা অভিযোগের ভিত্তি খুঁজে দেখা হবে। তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে নেওয়া হবে মুরাদকে। তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম সায়েদ জানিয়েছেন, রিমান্ডের মেয়াদ বাড়িয়ে খুব বেশি কিছু জানা যাবে বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী করণীয় নির্ধারণ করা সহজ হবে।