সংবাদ সম্মেলনে তথ্য: রোটারি ইন্টারন্যাশনাল জনকল্যাণে ১০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলনে আয়োজকেরা
ছবি: সংগৃহীত

রোটারি  ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২১-২২ অর্থবছরে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে দেশব্যাপী ১০০ কোটির বেশি ব্যয় করেছে। আগামী অর্থবছরে রোটারির এই কর্মসূচি আরও বৃদ্ধি করা হবে। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১-এর গভর্নর এম এ ওয়াহাব এ কথা বলেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।  

এম এ ওয়াহাব বলেন, ১ জুলাই বিশ্বব্যাপী ২০২২-২৩ রোটারি বর্ষের শুভসূচনা হবে। সারা বিশ্বের ৩৩ হাজারের অধিক ক্লাবের ১২ লক্ষাধিক রোটারিয়ান বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি নানা কার্যক্রমের মধ্য দিয়ে নতুন রোটারি বর্ষ উদ্‌যাপন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশেও বিশেষ কর্মসূচির ভেতর দিয়ে নতুন বছরের প্রথম দিনটি উদ্‌যাপন করা হবে।

কাল শুক্রবার সারা দেশে বিভিন্ন শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হবে। ঢাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে হাতিরঝিলে সকাল নয়টায়। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিস্ট্রিক্ট ইনস্টলেশন। প্রধান অতিথি পাস্ট রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হোলগার ন্যাক। অনুষ্ঠানে রোটারি জেলা ৩২৮১-এর চিফ অ্যাডভাইজার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান যোগ দেবেন। চার মন্ত্রী রোটারি ইন্টারন্যাশনালের সদস্য।

রোটারি গভর্নর বলেন, এ বছরের রোটারি থিম-‘ইমাজিন রোটারি’।

রোটারির অ্যাডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরী সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট মো. আশরাফুজ্জামান নান্নু, সাবেক গভর্নর কে এম জয়নুল আবেদিন, মীর আনিসুজ্জামান, এম খায়রুল আলম, এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি আতিকুর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি এক্সটারনাল অ্যাফেয়ার্স শিরিন বন, কসমোপলিটন রোটারির সভাপতি খন্দকার ওমর ফারুক ও সাবেক গভর্নররা।