সংবাদপত্র এখন সমালোচনা ও দায়বদ্ধতার মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সংবাদপত্র এখন সমালোচনা ও দায়বদ্ধতার মুখোমুখি। পত্রিকার কলাম পড়ে মনে হয় বুদ্ধিজীবীদের মধ্যেও দলীয় দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। এ অবস্থার পরিবর্তন ও টেকসই গণতন্ত্রের স্বার্থে কলাম লেখকদের নতুন করে চিন্তা করা দরকার।গতকাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘সংবাদপত্রের কলাম’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। মিডিয়া নাগরিক ফোরাম আয়োজিত এ সেমিনারে দেশের সংবাদপত্রে প্রকাশিত কলাম সম্পর্কে ২৫৮ জন পাঠকের ওপর পরিচালিত একটি মতামত জরিপ প্রকাশ করা হয়। মিডিয়া নাগরিক ফোরাম জরিপটি পরিচালনা করে। জরিপে মতামত প্রকাশকারীরাও এই ফোরামের সদস্য।সেমিনারে দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেন, ‘কলামিস্টরা দলীয় দৃষ্টিভঙ্গিতে তো লিখবেনই। কিন্তু আমরা যাঁরা দলীয় রাজনীতির বাইরে, তাঁরা এটি ছাপব কেন? দলীয় বুদ্ধিজীবিতার প্রবণতার প্রেক্ষাপটে টেকসই গণতন্ত্রের স্বার্থে নতুন সাংবাদিকতা, কলামের জন্য নতুন চিন্তা এবং নতুন বুদ্ধিজীবিতা প্রয়োজন।’সেমিনারে মিডিয়া নাগরিক ফোরামের আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর মূল প্রবন্ধে বলেন, জরিপে পাঠকের একটি বড় অংশ মনে করে, সংবাদপত্রে প্রকাশিত কলামে গভীরতা থাকে। আর পাঠকদের একটি অংশ মনে করে, কলাম লেখকদের কেউ নিরপেক্ষ এবং কেউ দলীয় দৃষ্টিভঙ্গিসম্পন্ন।পত্রিকার কলামের বিষয়, শিরোনাম ও লেখার ধরন নিয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘অতিসাম্প্রতিক বিষয় নিয়ে পাঠকদের আগ্রহ বেশি। আর সাম্প্রতিক বিষয় মানেই রাজনৈতিক বিষয় বেশি। দেশের সবচেয়ে আকর্ষণীয় বিষয়ও হচ্ছে রাজনীতি। এ কারণেই এই বিষয়গুলো পত্রিকায় ধারালোভাবে বেরিয়ে আসে।’গবেষক ও শিশুসাহিত্যিক আহমেদ মাযহার বলেন, বুদ্ধিজীবীদের মধ্যেও একটি দলীয় দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলে মনে হয়। দলীয় কর্মী হিসেবে এটি করলে ঠিক আছে। কিন্তু বুদ্ধিজীবী যখন দলীয় কর্মীর আহ্বান নিয়ে কথা বলেন বা কলাম লেখেন, তখন পাঠক ওই কলাম কী হিসেবে নেয়, এটি নিয়ে ভিন্ন মত রয়েছে।সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা, সমকাল-এর সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ফেরদৌস আজিম প্রমুখ বক্তব্য দেন।