কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, অতিদারিদ্র্য নিরসনে কৃষি ও খাদ্যনিরাপত্তা ইতিবাচক সূচকের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে পত্রপত্রিকাগুলো এখন ‘মঙ্গা’ শব্দটি লিখতে পারছে না। তিনি আরও বলেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকার পরিকল্পনামাফিক এগিয়ে চলছে।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অতিদারিদ্র্য নিরসনে কৃষি ও খাদ্যনিরাপত্তা খাত: জাতীয় বাজেট ২০১১-১২’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। দৈনিক যুগান্তর ও ব্র্যাক অ্যাডভোকেসি এ আলোচনার আয়োজন করে।মতিয়া চৌধুরী বলেন, জনসংখ্যা যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া তেমন কঠিন কিছু হবে না এবং দারিদ্র্যও কমবে। গোলটেবিলে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়নে নীতিগত পরিবর্তনের দাবি জানান।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সামগ্রিক উৎপাদন বাড়লেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা না বাড়লে দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়। খাদ্যমূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা যাবে না। অন্যান্যের মধ্যে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, যুগান্তর-এর প্রকাশক ও সম্পাদক সালমা ইসলাম আলোচনায় অংশ নেন।