গণমাধ্যমে শিশু-সম্পর্কিত সংবাদে শিশুকে নিষ্ক্রিয় নাগরিক হিসেবে তুলে ধরা হয়। শিশু তখনই সংবাদের বা আলোচনার বিষয় হয়ে ওঠে, যখন সে কোনো অপরাধ বা সহিংসতার শিকার হয় অথবা এ ধরনের কোনো ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। এজন্য শুধু খবর নয়, শিশুদের ভবিষ্যৎযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সব সংবাদ মাধ্যমের সুনির্দিষ্ট পরিকল্পনা করে এগোনো উচিত।গতকাল বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘গণমাধ্যমে শিশু অধিকার ও শিশু সাংবাদিকতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। বেসরকারি সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) পরিচালিত শিশু সংবাদ সংস্থা ‘শিশু প্রকাশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা। মূল প্রবন্ধে শিশুবিষয়ক সংবাদ ও সাংবাদিকতার বিভিন্ন চিত্র তুলে ধরে শামীম রেজা বলেন, শিশু-সংক্রান্ত ইস্যু বিশেষ করে শিশু অধিকার বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন রচনার ক্ষেত্রে সংবাদপত্রের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহিদ রেজা নূরের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তৃতা দেন শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, প্রথম আলোর সহকারী সম্পাদক মশিউল আলম, ইউনিসেফের তথ্য ও যোগাযোগ ব্যবস্থাপক আরিফা এস শারমিন, এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু প্রমুখ। সেমিনারে বিভিন্ন জেলা থেকে আসা কয়েকজন শিশু সাংবাদিকও বক্তব্য দেয়।