বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, ধর্ম, প্রথা, ঐতিহ্যের দোহাই দিয়ে সংবিধানে নারীর প্রতি কোনো রকম বৈষম্যমূলক বিধান রাখা যাবে না। এ ছাড়া সংবিধানে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ফিরিয়ে আনতে হবে।বাহাত্তরের সংবিধানের অসাম্প্রদায়িক নীতির পুনঃপ্রতিষ্ঠা, এর মূলনীতির পরিপন্থী কোনো কিছু সংবিধানে সংযোজন না করাসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।মানববন্ধনের ঘোষণাপত্রে বলা হয়, বর্তমান সরকার প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক কিছু সংশোধন-সংযোজন করে বাহাত্তরের মূল চেতনায় ফিরিয়ে নিতে একটি বিশেষ কমিটি গঠন করেছে। কিন্তু উদ্বেগের বিষয়, এ কমিটি সম্প্রতি সংসদে যে ৫১ দফা সুপারিশ জমা দিয়েছে, সেখানে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি পুনঃস্থাপনের পাশাপাশি পঞ্চম ও অষ্টম সংশোধনীর মাধ্যমে জারি করা ‘বিসমিল্লাহ...’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বহাল রাখার কথা বলা হয়েছে। এটা সংবিধানের মূলনীতি এবং হাইকোর্টের রায়ের পরিপন্থী। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের রাজনীতি ও সমাজে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মৌলবাদের উত্থানের পথ প্রশস্ত হবে।মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, সংগঠন সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, প্রচার ও গণমাধ্যম সম্পাদক কাজী সুফিয়া আখতার, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সারাবান তহুরা। বক্তারা জাতিসংঘ-ঘোষিত নারী নির্যাতনের সংজ্ঞাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে অসামঞ্জস্যপূর্ণ আইন সংশোধনের দাবি জানান। বিজ্ঞপ্তি।