সংবিধানে সাম্প্রদায়িকতার প্রতিবাদে সিপিবি ও বাসদের সমাবেশ
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাহাত্তরের সংবিধানের মূলভিত্তির পরিপন্থী সাম্প্রদায়িক ধারা অব্যাহত রাখা এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ায় সিপিবি ও বাসদ প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়।সমাবেশে নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবিদার অনেকেই এখন সুবিধাবাদী কৌশল নিয়ে স্বাধীন বাংলাদেশের আদর্শ পরিত্যাগ করে জিয়াউর রহমান ও এরশাদের পতাকা ঊর্ধ্বে তুলে ধরছেন। এ ধরনের সুবিধাবাদী কৌশল দেশকে আবারও পাকিস্তানি ধারায় নিয়ে যাবে এবং রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করবে। সিপিবি, বাসদ ও মুক্তিযুদ্ধের পক্ষের দৃঢ়, সচেতন দেশপ্রেমিক জনগণ বাংলাদেশকে তার আদর্শ থেকে বিচ্যুত হতে দেবে না।কমরেড খালিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সৈয়দ আবু জাফর আহমেদ, সামছুজ্জামান সেলিম, সাজ্জাদ জহির চন্দন, রাজেকুজ্জামান রতন, আ ক ম জহিরুল ইসলাম প্রমুখ। সমাবেশে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।