সংরক্ষণঝুঁকিতে জাদুঘরের সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগে জাতীয় জাদুঘরের সম্মুখভাগ l ছবি: প্রথম আলো
শাহবাগে জাতীয় জাদুঘরের সম্মুখভাগ l ছবি: প্রথম আলো

ঢাকায় ঈদ, মহররম ও জন্মাষ্টমী উদ্‌যাপনের উনিশ শতকের জলরং ছবিগুলো দেয়ালে ঝুলছে। সকালের টানা বৃষ্টিতে দেয়ালটি ঘেমে পানি চুইয়ে পড়ে আছে নিচের মেঝেতে। জাতীয় জাদুঘরের পাণ্ডুলিপি ও দলিলের গ্যালারিতে এমনটা দেখা গিয়েছিল আগস্টের তৃতীয় সপ্তাহে।
কয়েক দিন আগে গিয়ে দেখা গেল, স্যাঁতসেঁতে দেয়াল বোর্ড দিয়ে ঢেকে সেখানে ছবিগুলো টাঙানো হয়েছে।
ভাস্কর্য-২ গ্যালারির দেয়ালেও পানি চুইয়ে পড়ার আলামত স্পষ্ট। ভাস্কর্যগুলোতে অল্পবিস্তর ধুলো। হাতির দাঁতের শিল্পকর্মের অনেক নিদর্শনে ফাটল ধরেছে। ধাতব শিল্পকর্মের গ্যালারিতে ব্রোঞ্জের মূর্তিগুলোয় কালো ছোপ পড়েছে।

খোদ জাদুঘরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বললেন, পাণ্ডুলিপি ও দলিল গ্যালারিতে রামায়ণ, মহাভারত, শাহনামা, কোরআন শরিফসহ প্রাচীন মূল্যবান পাণ্ডুলিপিগুলো আর্দ্রতায় আক্রান্ত। কোনো কোনোটি সিলভারফিশ (ডানাহীন একধরনের পোকা) পোকায় কাটছে। এ ছাড়া, দুটি জগৎখ্যাত ঢাকাই মসলিন ও মুর্শিদাবাদের হাতির দাঁতের পাটি অত্যন্ত ঝুঁকিতে আছে।

গত মাসে শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারির দেয়াল রং করার জন্য ছবিগুলো মেঝেতে নামিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। সমকালীন চিত্রকলা-২ গ্যালারিতে এক প্রহরী দেয়ালের ছবি খালি হাতে সরিয়ে পেছনের একটি খোপের ডালা খুলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রগুলো (এসি) চালু করছিলেন। সংস্কারকাজ চলছিল শিলা ও খনিজ গ্যালারিতে। নিদর্শনগুলো পলিথিনে ঢাকা, পাশেই রাখা সিমেন্টের বস্তাগুলো।

এসব নিয়ে কথা হলো জাদুঘরের নবনিযুক্ত মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সঙ্গে। মহাপরিচালক বললেন, ‘জাদুঘরের নিদর্শন সরিয়ে সংস্কার কাজ করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতিগত ঝামেলা রয়েছে। আবার কয়েকটি গ্যালারিতে দেখবেন নিদর্শন সরিয়েই সংস্কারকাজ চলছে।’

মহাপরিচালক আরও বললেন, রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ অপ্রতুল। তবে গত মাসে কাজে যোগ দিয়েছেন জানিয়ে তিনি বিস্তারিত তথ্যের জন্য সমকালীন শিল্পকলা বিভাগের কিপারের সঙ্গে আলাপ করতে বললেন।

বেশির ভাগই গুদামে তোলা: পাথর ও ধাতুর প্রাচীন ভাস্কর্য, পোড়ামাটির ফলক, প্রাচীন ও মধ্যযুগীয় মুদ্রা, শিলালিপি, তালপাতার পুঁথি, চিত্রকর্ম ইত্যাদি সব মিলিয়ে জাতীয় জাদুঘরের সংগ্রহে এখন ৮৮ হাজার ২৩৩টি নিদর্শন রয়েছে। তবে এর ৪০টি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে মাত্র চার হাজার নিদর্শন, যা মোট সংগ্রহের সাড়ে ৪ শতাংশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনোয়ার হোসেন প্রায়ই জাদুঘরে আসেন। বললেন, বছরের পর বছর ধরে একই নিদর্শন দেখানো হচ্ছে। মহাপরিচালক অবশ্য বলছেন, কোনো জাদুঘরই তার সব নিদর্শন প্রদর্শন করে না। এখানে জায়গার সংকটও আছে।

অপ্রদর্শিত ৮৪ হাজার নিদর্শন রাখা আছে নিচতলার প্রায় ২০ হাজার বর্গফুট আয়তনের নিদর্শন-স্টোরে, বললেন সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কিপার (পরিচালক) জাহাঙ্গীর হোসেন। তাঁর দাবি, নিদর্শন-স্টোরের অবস্থা বেশ ভালো।

এ প্রতিবেদক স্টোরে ঢোকার অনুমতি পাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে জাদুঘরের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেছেন, স্টোরে ধুলোবালুর সমস্যা তো আছেই, আর্দ্রতানিরোধক যন্ত্রও পর্যাপ্ত নেই। যদিও মাঝে মাঝে কীট প্রতিরোধক ব্যবস্থা (ফিউমিগেশন) নেওয়া হয়, উইপোকা আর ইঁদুরের উপদ্রব আছে। আছে ছত্রাকের আক্রমণ। তাঁর মতে, সংরক্ষণ রসায়নাগারে উপযুক্ত কর্মী ও প্রযুক্তির অভাব রয়েছে। তিনি বললেন, ক্ষতিগ্রস্ত নিদর্শন সংরক্ষণ ও পুনরায়নকর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া দরকার।

জাদুঘরের সংগ্রহে শিল্পী কামরুল হাসানের প্রায় এক হাজার ৮০০ চিত্রকর্ম আছে। কিন্তু গ্যালারিতে ঝুলছে মাত্র সাতটি, বাকিগুলো আছে নিদর্শন-স্টোরে। যোগাযোগ করা হলে শিল্পীর কন্যা সুমনা হাসান প্রথম আলোকে বলেন, ঘুরিয়ে-ফিরিয়ে হলেও সবগুলো ছবি নতুন প্রজন্মের শিল্পী-দর্শকদের দেখাতে হবে। তিনি বলেন, তাঁর বাবার কাছ থেকে ছবিগুলো কেনার সময় জাদুঘর বলেছিল কামরুল হাসানের নামে আলাদা গ্যালারি খোলা হবে। সংশ্লিষ্ট বিভাগের কিপার জাহাঙ্গীর হোসেন অবশ্য বলছেন, এ ধরনের কোনো কথা ছিল না। কিন্তু সুমনা হাসান বলেছেন, এসব শর্তের কথা কামরুল হাসান তাঁর প্রকাশিতব্য খেরোখাতার দিনলিপিতে বহুবার লিখে গেছেন।

গ্যালারির আরও কথা: গ্যালারিগুলোর অনেক এসি বন্ধ থাকতে দেখা গেল। কোনো কোনোটি থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে। কিপার জাহাঙ্গীর হোসেন বললেন, যথোপযুক্ত তাপমাত্রা রক্ষার চেষ্টা করা হয়। তবে কোনো এসি নষ্ট হলে সরকারি বিধি মোতাবেক সারাই করতে সময় লেগেই যায়।

১৯৮৩ সালে শাহবাগের ভবনটিতে জাদুঘর স্থানান্তরের পর বড় ধরনের সংস্কারকাজ হয়নি। মহাপরিচালক ফয়জুল লতিফ বলছেন, গুরুত্বপূর্ণ অংশগুলোর সংস্কারের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। গ্যালারিগুলোর বাতির আলো নিদর্শনবান্ধব নয়। বাতিগুলো বদলানোর জন্যও প্রস্তাব গেছে।

২০০৭ সালে ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনের জন্য পুরাকীর্তি পাঠানোর সময় বিমানবন্দর থেকে দুটি বিষ্ণুমূর্তি হারিয়ে যায়। জাদুঘরের চৌহদ্দিতে নিরাপত্তার কী ব্যবস্থা আছে? কিপার জাহাঙ্গীর হোসেন বলছেন, ১০০ জন নিরাপত্তাকর্মী ও ৩০ জন আনসার সদস্য মোতায়েন আছেন। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোট ১৪০টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা রয়েছে। কয়েকটি জায়গায় সতর্কঘণ্টির (বার্গলার অ্যালার্ম) ব্যবস্থাও দেখা গেল।

এদিকে, জাদুঘরের সব সম্পদের মোট মূল্যের কোনো হিসাব জাহাঙ্গীর হোসেন দিতে পারলেন না। তিনি আরও বললেন, সব নিদর্শনের বিমা করা নেই। প্রদর্শনের জন্য কোনো নিদর্শন জাদুঘরের বাইরে গেলে তবেই কেবল সেটার বিমা করা হয়।