সংরক্ষণের অভাবে নষ্ট ফিল্ম ফেরত নিতে ঠিকাদারকে চাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে যথাযথভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাওয়া পাঁচ লাখ টাকার এক্স-রে ফিল্ম (কোডাক কোম্পানি) ফেরত নিতে সরবরাহকারী প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছে কর্তৃপক্ষ। তবে আমদানিকারক প্রতিষ্ঠান বলছে, সংরক্ষণের অভাবে ফিল্ম নষ্ট হওয়ার ঘটনায় তারা দায়ী নয়।গত ৫ জানুয়ারি হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হাসেম খান ফিল্ম সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স নোয়াখালী স্টোরের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দেন। এতে বলা হয়, ‘আপনার সরবরাহ করা ফিল্মসমূহের মেয়াদ থাকা সত্ত্বেও উক্ত ফিল্ম দিয়ে এক্স-রে করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় যেসব ফিল্ম অবশিষ্ট, তা ফেরত নিয়ে নতুন ফিল্ম সরবরাহের জন্য আপনাকে অনুরোধ করা হলো। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এর আগে ৮ জানুয়ারি ফিল্মের আমদানিকারক প্রতিষ্ঠান স্পার্ক লিমিটেড নোয়াখালী স্টোরের ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিটফোর্ড হাসপাতালের ভান্ডার ও ফিল্ম সংরক্ষণ কক্ষ পরিদর্শন করা হয়েছে। সেখানে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ছিল না। সিআর যন্ত্রের ফিল্ম খুবই স্পর্শকাতর। সর্বনিম্ন চার ডিগ্রি থেকে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। এর কম বা বেশি হলে কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সংরক্ষণের অভাবে ফিল্ম নষ্ট হলে আমদানিকারক প্রতিষ্ঠান দায়ী নয়। সংরক্ষণের ব্যবস্থা যথাযথ না হলে ভবিষ্যতে মিটফোর্ড হাসপাতালে এক্স-রে ফিল্মসহ কোনো পণ্য সরবরাহ করা হবে না বলেও স্পার্ক লিমিটেডের পক্ষ থেকে বলা হয়।ফিল্ম ফেরত নিতে চিঠি দেওয়া প্রসঙ্গে মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, এক্স-রে ফিল্মের জন্য ঠিকাদারকে কোনো চাপ দেওয়া হয়নি। ফিল্ম সরবরাহে কিছু শর্ত ছিল। সে অনুযায়ী ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।গত ২২ ডিসেম্বর প্রথম আলোয় ‘মিটফোর্ড হাসপাতালে সংরক্ষণের অভাব পাঁচ হাজার এক্স-রে ফিল্ম নষ্ট’ শিরোনামে সংবাদ ছাপা হয়েছিল।