দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীসমাজকে ক্ষমতা-কাঠামোর বাইরে রেখে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নারীদের অংশগ্রহণ জরুরি। এ জন্য সংসদে সংরক্ষিত নারী আসনেও সরাসরি নির্বাচন দেওয়া উচিত।গত মঙ্গলবার রাজধানীর ইউটিসি ভবন মিলনায়তনে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সরাসরি নির্বাচনের ভূমিকা’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ উইমেন্স ফাউন্ডেশন (বিডব্লিউএফ) ও মিডিয়া ইনিসিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি)।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক। এমআইপিপির সভাপতি ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংসদ অপু উকিল ও বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফডব্লিউও সভাপতি মাশহুদা খাতুন। বক্তব্য দেন ডেমোক্র্যাসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, ইউএন উইমেন অ্যান্ড বাংলাদেশের সিনিয়র কনসালটেন্ট তপতী সাহা, এমআইপিপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য ওবায়দুল কবির প্রমুখ।মূল প্রবন্ধে মাশহুদা খাতুন বলেন, নির্বাচনের আগে নারী সংগঠনগুলো জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংখ্যা ১০০তে উন্নীত করা এবং সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছিল। দাবিটি প্রধান দুই দলই তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করলেও কোনো দল সে দাবি পূরণ করেনি। সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের সুযোগ সৃষ্টি এবং সব রাজনৈতিক দলের কাঠামোতে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে প্রতিটি কমিটিতে ৩৩ শতাংশ নারী-সদস্য রাখার দাবি জানানো হয় মূল প্রবন্ধে।কর্মশালায় উন্মুক্ত আলোচনা পর্বে দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।