সংলাপে বসতে যোগ্যতা লাগে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকের পৃথিবীতে সংলাপে বসতে হলে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া সংলাপ হয় না। আন্দোলন করার যাদের শক্তি নেই, তারাই এখন ঘন ঘন সংলাপের কথা বলে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনা–য়তনে সংগঠনটির সদস্য লেখকদের সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সংলাপ করার যে আহ্বান জানিয়েছেন, ওবায়দুল কাদের তাও নাকচ করে দেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আমরা প্রতিনিয়ত কথার ঢিল ছুড়ছি। প্রতিনিয়ত শব্দবোমা নিক্ষেপ করছি। এ শব্দবোমা কিন্তু অনেক সময় আত্মঘাতী বোমা। আজকে সবাই ঢিল ছুড়ছেন; কেউ কাছে থেকে, কেউ দূরে থেকে। কেউ আটলান্টিকের কাছ থেকে, কেউ টেমস নদীর পাড় থেকে।’ খালেদা জিয়ার দেশে ফেরায় বিলম্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যাই যাই করে যাওয়া হয় না, আসি আসি করে আসা হয় না। এখন দেশে একটা প্রশ্নবোধক চিহ্ন, কবে আসবেন? কিন্তু ঢিল ছোড়া বন্ধ হয়নি। বিদেশের মাটিতে বসে বিক্ষিপ্ত ঢিল ছুড়ে, দেশে কি সরকার পরিবর্তন সম্ভব?’
সেতুমন্ত্রী বলেন, ‘আজকে টেমস নদীর পাড় থেকে শব্দবোমা নিক্ষেপ করে সরকার পরিবর্তন হবে না। জাতীয় কোনো ঐক্য হবে না। জাতীয় সংলাপও হবে না। সংলাপের যেমন পরিবেশ দরকার, সেই পরিবেশ কারা নষ্ট করছে? তারা লেখকদের ওপর হামলা করছে। প্রকাশকদের ওপর হামলা করছে। তারা বিদেশি নাগরিকদের ওপর হামলা করছে। তারা পুলিশের ওপর হামলা করছে। তারা রাজনীতিকদের, লেখকদের টার্গেট করেছে। এই পরিবেশ কি সংলাপের পরিবেশ?’
ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর কল্যাণ সম্পাদক শাহনাজ শারমিন।