সংশোধনী
গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘শুদ্ধ গণতন্ত্রচর্চায় সরকার ও বিরোধী দলের সমঝোতা দরকার’ শীর্ষক প্রতিবেদনে ভুলবশত অধ্যাপক এম এম আকাশের কিছু বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। তিনি জানান, শুদ্ধ গণতন্ত্রচর্চায় সরকার ও বিরোধী দলের সমঝোতা দরকার মর্মে তিনি কোনো বক্তব্য দেননি। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘সমঝোতার প্রয়োজন নিয়ে আসলে কোনো বিতর্ক নেই। বিতর্ক আছে সমঝোতা হবে কীভাবে তা নিয়ে। দুই দলই যখন ভাববে যে প্রত্যেকের জেতার সম্ভাবনা আছে, একমাত্র তখনই উভয়ে নির্বাচনে যোগ দেবে ও সমঝোতা সম্ভব হবে। অবশ্য এতে একটি দল আত্মপ্রতারিত হবে! আমাদের গণতন্ত্রের বয়স মাত্র ২২ বছর, প্রত্যেকে নিশ্চিত বিজয় চাইলে সমঝোতা না হওয়ার সম্ভাবনাই বেশি মনে করি। তবু সমঝোতা হোক ও গণতন্ত্র অব্যাহত থাক—এটাই কামনা করি।’ প্রতিবেদনে অর্থনীতি প্রসঙ্গে শেষ দুই লাইনে এম এম আকাশের যে বক্তব্য ছাপা হয়েছে, সেটিও তাঁর বক্তব্য নয় বলে জানান তিনি।