১ এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে যে সংশোধনী প্রস্তাব আনা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের নয়টি নাগরিক অধিকার সংগঠন। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষে এসব কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন। এতে বলা হয়, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নিয়ে মন্ত্রিসভা কিছু সংশোধনী অনুমোদন করেছে। নয়টি নাগরিক অধিকার সংগঠন মনে করে, সংশোধনীর, বিশেষ করে ৩০(ক) ধারাটি আইনের মূল ধারণার সঙ্গে অসংগতিপূর্ণ ও বেআইনি।৩০(ক) ধারায় বলা হয়েছে, সম্পত্তির তালিকা গেজেটে প্রকাশের সময়সীমা, আবেদন ও নিষ্পত্তির সময়সীমা সরকার বা ভূমি মন্ত্রণালয় বাড়াতে পারবে।নাগরিক সংগঠনগুলো মনে করে, এতে নতুন নতুন সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা আছে। এটি সরকারের সদিচ্ছার পরিপন্থী এবং আমলাদের স্বার্থচিন্তার প্রকাশ। গেজেট প্রকাশের ক্ষমতা দেওয়ার ফলে এর অপব্যবহার হতে পারে, যার কিছু প্রমাণ এখনই মাঠপর্যায়ে পাওয়া গেছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠপর্যায়ে অনুসন্ধান করে দেখা গেছে, সংশোধিত গেজেটের নামে নতুন নতুন সম্পত্তি তালিকাভুক্ত করে একশ্রেণীর অসাধু ও দুর্নীতিপরায়ণ ভূমি কর্মকর্তা ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ আদায়ের ফাঁদ পেতেছেন। এতে ভুক্তভোগী জনগোষ্ঠীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ কারণে নাগরিক অধিকার সংগঠনগুলো ধারাটি বিলোপ করতে সরকারের কাছে দাবি জানাচ্ছে।এ ছাড়া ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০০ দিন বাড়ানোর দাবি জানানো হয়। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনো মানুষ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেনি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। সংশোধনীর প্রস্তাবে ২৬(১) ধারায় ৩০০ দিনের মধ্যে কেউ সম্পত্তির দাবি জানিয়ে আবেদন না করলে সেই সম্পত্তি সরকারের হয়ে যাওয়ার যে বিধান রাখা হয়েছে, তা-ও বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা ও মানবাধিকার সংগঠন ব্লাস্টের আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম।