সংশোধিত দরপত্রও অপছন্দ মুদ্রণশিল্প সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শিক্ষাবর্ষের ইবতেদায়ি ও দাখিল স্তরের বিনা মূল্যে পাঠ্যবই মুদ্রণে সংশোধিত দরপত্রও পছন্দ হয়নি মুদ্রণ শিল্প সমিতির। এ জন্য তারা সবার কাজ পাওয়ার সুযোগ রেখে আবারও দরপত্র সংশোধনের দাবি জানিয়েছে। অন্যথায় ফের আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন সমিতির নেতারা।গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এই দাবি জানান। তাঁরা বলেন, সমিতির আন্দোলনের মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ওয়েবমেশিন থাকার শর্ত বাদ দিয়ে যে সংশোধিত দরপত্র দিয়েছে, তাতে বিশেষ কয়েকটি প্রতিষ্ঠানকে ইবতেদায়ি ও দাখিল স্তরের বিনা মূল্যের সব পাঠ্যবই ছাপার কাজ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আগে যেখানে কয়েকটি লটের মাধ্যমে কাজ দেওয়া হতো, সেখানে সংশোধিত দরপত্রে একটি প্রতিষ্ঠানকে যেকোনো পরিমাণ কাজ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিশেষ উদ্দেশ্যে এমনটি করা হয়েছে, এমন অভিযোগ তুলে তাঁরা বলেন, এতে দেশের ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো মুদ্রণের কাজ পাবে না। মুদ্রণশিল্পও ধ্বংসের মুখে পড়বে।সংশোধিত দরপত্র অনুযায়ী আজ বৃহস্পতিবার দরপত্র জমা দেওয়ার শেষ সময়। প্রাথমিক স্তরের পাঠ্যবই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ছাপারও বিরোধিতা করেন নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুদ্রণ শিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত, উপদেষ্টা তোফায়েল খান, সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম প্রমুখ।এর আগে ওয়েবমেশিনের শর্তযুক্ত দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন ও অনশন করে মুদ্রণ শিল্প সমিতি। পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে দরপত্রের শর্ত শিথিলের সিদ্ধান্ত হয়।