জাতীয় সংসদ ভবনের ক্যাফেটেরিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশনকে (বিপিসি)। গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে পর্যটন করপোরেশন ‘ভিআইপি ক্যাফে’ নামে পরিচিত সংসদের প্রধান এ ক্যাফেটেরিয়া পরিচালনা শুরু করেছে।এদিকে সংসদ কমিটিকে না জানিয়ে পর্যটন করপোরেশনকে এই ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্ব দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। রোববার দুপুরে সংসদ ভবনে কমিটির এক বৈঠকে এই অসন্তোষ প্রকাশ করা হয়।প্রায় এক মাস বন্ধ থাকার পর স্পিকারের নির্দেশে সংসদ সচিবালয় পর্যটনকে এটি পরিচালনার দায়িত্ব দেয়। স্পিকার আবদুল হামিদ, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দীন তালুকদারসহ সংসদ সচিবালয় ও পর্যটন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল এই ক্যাফেটেরিয়ার কার্যক্রম নতুন করে শুরু হয়।জানা গেছে, রেওয়াজ অনুযায়ী সংসদ কমিটির মতামত নিয়েই ভিআইপি ক্যাফেটেরিয়ার ক্যাটারার (খাবার সরবরাহকারী) নিয়োগ করা হয়। তবে এবার সংসদ কমিটির নিয়োগ করা ঠিকাদার আকস্মিকভাবে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ায় সংসদ সচিবালয় পর্যটন করপোরেশনকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ আব্দুস শহীদের সভাপতিত্বে সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হুইপ আ স ম ফিরোজসহ কমিটির একাধিক সদস্য। পর্যটন করপোরেশন ক্যাফেটেরিয়ার দায়িত্ব নেওয়ায় খাবারের দাম যে হারে বাড়বে, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তাঁরা।আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, ‘আর কী বলব? সংসদ কমিটিকে না জানিয়েই ক্যাফেটেরিয়ার দায়িত্ব পর্যটনকে দিয়ে দেওয়া হয়েছে। আর তারা খাবারের যে মূল্য তালিকা দিয়েছে, তার সঙ্গে আগের মূল্য তালিকার আকাশ-পাতাল তফাত।’