ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, বর্তমানে পৃথিবীর কোথাও সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে এক সংসদ বহাল রেখে আরেক সংসদ নির্বাচন অনুষ্ঠানের নজির নেই। তিনি বলেন, আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সরকার সংবিধান সংশোধন করে নির্বাচনের যে ব্যবস্থা করেছে, তাতে দেশের গণতান্ত্রিক যাত্রা আবারও ব্যাহত হবে।গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শত নাগরিক আয়োজিত ‘আর্থ-রাজনৈতিক সংকট: সংবিধানের কার্যকারিতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন এমাজউদ্দীন আহমদ।আলোচনায় অংশ নিয়ে বিচারপতি আবদুর রউফ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিয়ে আপিল বিভাগের দেওয়া ৭০০ পৃষ্ঠার রায়ে কোনো নির্যাস নেই বলে মন্তব্য করেন। গত সোমবার বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এরশাদই হচ্ছেন বর্তমানে সব ষড়যন্ত্রের কেন্দ্রে।আবদুল হাই শিকদারের সঞ্চালনায় শত নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব উল্লাহ স্বাগত বক্তব্য দেন। সাংবাদিক সাদেক খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন খান দুটি প্রবন্ধ পাঠ করেন। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন, ইউসুফ হায়দার, আবু আহমেদ, চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।