সংসদ ভবনের লেকে ১০ হাজার পোনা অবমুক্ত
সংসদ ভবনের লেকে গতকাল শনিবার ১০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর মৎস্য সপ্তাহের স্লোগান ‘নিরাপদ মাছে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ’।সংসদ ভবনে পোনা অবমুক্ত অনুষ্ঠানে চিফ হুইপ আবদুস শহীদ বলেন, মানুষের স্বাস্থ্য রক্ষা ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মাছ গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান; যা অর্থনৈতিক দিক থেকে লাভজনক খাত। দেশের সব জলাশয়ে মৎস্য চাষ ও উৎপাদন বাড়ানো গেলে এবং মৎস্য সংরক্ষণের মাধ্যমে দেশে মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে। এতে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশ স্বাবলম্বী হতে সক্ষম হবে।অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, হুইপ আ স ম ফিরোজ, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মমতাজ বেগম, সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফুন নেছা মোশারফ, নূর আফরোজ আলী ও অপু উকিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সচিব আশফাক হামিদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খানসহ সংসদ সচিবালয় ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দলমত-নির্বিশেষে সবাইকে মাছের চাষ বাড়ানোর কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।