সরকারের কাছে বড়পুকুরিয়া ও ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করার পক্ষে জ্বালানিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। সংগঠনের নেতারা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত কিছু সাংসদ গণরায়, বিশেষজ্ঞ কমিটি ও দেশি প্রবাসী বিশেষজ্ঞদের মতের বিরুদ্ধে গিয়ে প্রকল্পের জন্য সর্বনাশা ওকালতি করছেন। গতকাল মঙ্গলবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাঠানো পৃথক বিবৃতিতে সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার বক্তব্যের তীব্র নিন্দা জানান তাঁরা। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব আনু মুহাম্মদ যৌথ বিবৃতিতে বলেন, ‘এ বছর এশিয়া এনার্জি ও জার্মানির আরডব্লিউই বাংলাদেশের মন্ত্রীদের নিয়ে একাধিক আনন্দ-ভ্রমণের ব্যবস্থা করেছে। ভ্রমণের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই দুই কোম্পানির স্বার্থেই প্রতিবেদন দেন, যা দেশের স্বার্থের পুরোপুরি পরিপন্থী। বাংলাদেশের পানিসম্পদ, উর্বর আবাদি জমি ধ্বংস করে এবং অসংখ্য মানুষকে ছিন্নমূল করে দেশের কয়লা সম্পদ লুণ্ঠন ও পাচারে বিদেশি কোম্পানির প্রকল্প বাস্তবায়নে যে দুর্নীতিমূলক জাতীয় স্বার্থবিরোধী অপতৎপরতা চলছে, এটা তারই অংশ। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, জনগণ জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বহুজাতিক কোম্পানির স্বার্থে নেওয়া সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবে না।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক সংসদীয় কমিটির বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।