সংসদে কৃষি গবেষণা কাউন্সিল বিল উত্থাপন
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গতকাল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল, ২০১১ জাতীয় সংসদে উত্থাপন করেছেন। ১৯৯৬ সালে প্রণীত আইনটি রহিত করে সংশোধিত আকারে বিলটি উত্থাপন করা হয়।বিলে কাউন্সিলের প্রধান কার্যালয় ঢাকায় এবং সরকারের অনুমতি নিয়ে দেশের যেকোনো স্থানে শাখা কার্যালয় স্থাপনের বিধান রয়েছে।প্রস্তাবিত আইনে বলা হয়, কাউন্সিলের কাজ হবে কৃষিসম্পর্কিত জাতীয় নীতিমালার ভিত্তিতে কৃষি গবেষণার বিষয় এবং অগ্রাধিকার ঠিক করা। কৃষিবিষয়ক আরও ২২টি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে এই কাউন্সিল।বিল সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির এক অধ্যাদেশে ১৯৭৩ সালে জাতীয় পর্যায়ে কৃষি গবেষণা সমন্বয়, পরিকল্পনা, গবেষণা, বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে। ৩৪ মুলতবি প্রস্তাব নাকচ: প্রধান বিরোধী দল বিএনপির সাংসদদের আনা ৩৪টি মুলতবি প্রস্তাব নাকচ করে দিয়েছেন স্পিকার আবদুল হামিদ। বিএনপির সাংসদেরা ৬২ বিধিতে ওই মুলতবি প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা করতে চেয়েছিলেন।স্পিকার এক রুলিংয়ে বলেন, বাজেট আলোচনার সময়ে মুলতবি প্রস্তাব আলোচনার সুযোগ নেই। বিএনপির মাহাবুব উদ্দিন খোকন আটটি, নিলোফার চৌধুরী নয়টি, জয়নুল আবদিন ফারুক একটি, নজরুল ইসলাম মঞ্জু একটি ও জাফরুল ইসলাম চৌধুরী ১৫টি নোটিশ দিয়েছিলেন।