সংসদে নারী আসন বাড়ানোর দাবি মহিলা পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে নারী আসন ১০০টিতে উন্নীত করা ও নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে পরিষদের নেতারা দেশজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদ জানিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকারের নির্বাচনী অঙ্গীকার ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ অনুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৩৩ শতাংশে উন্নীত করার কথা। এ ছাড়াও বিভিন্ন সংগঠন আসনগুলোয় সরাসরি নির্বাচনের দাবি করে আসছিল। কিন্তু এখনো এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই। নেতারা বলেন, দেশে নারী নির্যাতন বাড়ছে। শিক্ষাঙ্গনে নারীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। ধর্ষণ ও ধর্ষণের ছবি মুঠোফোন-ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইন করে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে ব্যবস্থা নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানান মহিলা পরিষদের নেতারা। সংগঠনের ঢাকা মহানগর, টঙ্গী, সাভার ও নরসিংদীর বেলাব উপজেলা শাখার প্রায় দুই হাজার সদস্য-কর্মী ও সমর্থক গতকালের ওই সমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী আয়শা খানম। নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগ ও বাস্তবতা বিষয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংগঠন উপপরিষদের সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ এবং শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্রে নারী নির্যাতন বিষয়ে রেহানা ইউনূস বক্তব্য রাখেন।