সংসদে মানবাধিকার-সম্পর্কিত বিষয়াবলি উপেক্ষিত
জাতীয় সংসদে আইন প্রণয়ন ও অন্যান্য কাজে মানবাধিকার সম্পর্কিত বিষয়াবলি উপেক্ষিত। সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের (এসএএইচআর) ‘মেকিং পার্লামেন্ট অ্যাকাউন্টেবল অ্যান্ড হিউম্যান রাইটস রেসপনসিভ’ শীর্ষক এক গবেষণাপত্রে এই অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণাপত্রটি উপস্থাপন করেন সংগঠনের সমন্বয়কারী ইরফাত আরা। এতে বলা হয়, সংসদে যেসব আইন পাস হয়, তাতে মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হয় না। মানবাধিকার সম্পর্কিত বিষয় আলোচনাও হয় না। বর্তমান সংসদের ১১টি অধিবেশনে মোট ১৫৩টি বিল পাস হয়েছে মোট ৪৬ ঘণ্টায়। এর মধ্যে মাত্র ৩৮টি মানবাধিকার সম্পৃক্ত। বেসরকারি বিলে মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলো বেশি থাকলেও সেগুলো পাস হয় না। প্রধানমন্ত্রী যেদিন উপস্থিত থাকেন, সেদিন সাংসদদের উপস্থিতি বেশি হয়। বর্তমান সংসদে মোট ৬১৬ বার প্রধান বিরোধী দল বা বিরোধীদলীয় নেতার সমালোচনা করা হয়েছে। সরকার বা সরকার-প্রধানের প্রশংসা করা হয়েছে ৮০৮ বার। দেশে তথ্য অধিকার আইন থাকলেও সংসদে তথ্য পাওয়া যায় না। বিল উত্থাপনের পর যাচাই-বাছাইয়ের জন্য কমিটিকে যথেষ্ট সময় দেওয়া হয় না। আলোচনা না করেই বিল দ্রুত পাস করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও সাংসদেরা আয়-ব্যয়ের হিসাব জমা দেননি। সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সংসদে আলোচনা হয় না। কমিটিতে বিরোধীদলীয় সদস্য বাড়ানো এবং বৈঠক উন্মুক্ত করা উচিত। পিটিশন কমিটি অকার্যকর; এটি কার্যকর করতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন বলেন, বিল পাসের আগে যথাযথ সময় নিয়ে তা যাচাই-বাছাই করা হয় না। সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় লেখা এখনো শেষ হয়নি। অথচ সেই রায়ের আলোকেই সংবিধান সংশোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, কিছু জরুরি বিল ছাড়া বাকিগুলো পাসের আগে আলোচনার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। স্বচ্ছতার স্বার্থে সংসদের দিনের কার্যসূচি, সাংসদদের হাজিরাসংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। সাংসদদের আয়-ব্যয়ের হিসাবও জমা দেওয়া উচিত। হুইপ সাগুফতা ইয়াসমিন বলেন, দুর্ভাগ্যজনক হলো হাতেগোনা কয়েকজন সাংসদ বিল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। অন্যরা তা ছুঁয়েও দেখেন না। মানবাধিকারের বিষয়গুলো পয়েন্ট অব অর্ডার বা সাধারণ আলোচনায় এসে যায়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান সংসদে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আগের সংসদের চেয়ে এবারের সংসদ এবং স্পিকারের ভূমিকা অনেক বেশি ইতিবাচক। তবে দুর্ভাগ্যজনক হলো, এই সংসদই সংবিধান সংশোধনের সময় বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েও শেষ পর্যন্ত তা গ্রহণ করেনি। এসএএইচআরের ব্যুরো সদস্য শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরও অংশ নেন ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, সাংবাদিক প্রণব সাহা, দলিত পরিষদের সাধারণ সম্পাদক অশোক দাস, এনজিও কর্মী প্রগতি চাকমা প্রমুখ।