সংসদে সংরক্ষিত নারী আসন এক-তৃতীয়াংশে উন্নীত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনসংখ্যা এক-তৃতীয়াংশে উন্নীত করা ও সেসব আসনে সরাসরি নির্বাচনসহ নারীর উন্নয়নে বেশ কয়েকটি দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৬৮টি নারী ও মানবাধিকার সংগঠনের এ জোটের আয়োজিত সমাবেশে ওই দাবিগুলো জানানো হয়। সমাবেশের ঘোষণাপত্রে সরাসরি নির্বাচনের মাধ্যমে আগামী দুই মেয়াদে জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ নারী সদস্য নির্বাচনের তাগিদ দেওয়া হয়। এ জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি করা হয়। এ ছাড়া রাজনৈতিক দলগুলোতে এক-তৃতীয়াংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও আহ্বান জানানো হয়। ঘোষণাপত্রের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ’৭১-এর মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়াসহ বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা, নারী সাংসদদের সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য এলাকা ও অর্থ বরাদ্দ রাখা, সম্পদ ও সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা, সংরক্ষণ ছাড়া জাতিসংঘের সিডও সনদের পূর্ণ বাস্তবায়ন ইত্যাদি।বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, স্টেপ টুওয়ার্ডস ডেভেলপমেন্ট, ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, গণসাক্ষরতা অভিযান, মানুষের জন্য ফাউন্ডেশন, জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ কমিটিভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। সভাপতির বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, গত এক বছরে নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়ে গেছে। গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিদিন খবরে একজন হলেও নির্যাতিত নারী বা কন্যাশিশুর প্রসঙ্গ থাকে। পুরুষতান্ত্রিক মানসিকতা না বদলালে এসব কমবে না বলে মন্তব্য করেন শাহিন আনাম। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়, যা শহীদ মিনারে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। এর আগে নারী দিবসের স্লোগানসমৃদ্ধ একগোছা বেলুন শহীদ মিনারের মূল বেদি থেকে ওড়ানো হয়।