সংসদের সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে সংরক্ষিত আসনের কমপক্ষে এক-তৃতীয়াংশে নির্বাচনের মাধ্যমে নারী সদস্যের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। নবম সংসদের আগামী অধিবেশনেই এ-বিষয়ক বিল উত্থাপনের দাবিও জানিয়েছে পরিষদ। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক সভায় এই দাবি জানানো হয়। সভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘নারী আন্দোলনের চার দশক পালন করা হচ্ছে। সভার আজকের কথাগুলো নতুন কোনো কথা নয়, কিন্তু একই কথা বারবার বলতে বাধ্য হচ্ছি।’অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, একদিন না একদিন জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নারীদের জন্য সরাসরি নির্বাচন দিতেই হবে। বিশেষ অতিথি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। কাজেই সংসদে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা কেন করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। সভায় মূল বক্তব্য পড়ে শোনান পরিষদের আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। সাংসদ নিলুফার চৌধুরী বলেন, ‘স্কুলে পড়ার সময় পত্রিকায় পড়েছিলাম, সংরক্ষিত আসনের নারীরা হলেন ৩০ সেট অলংকার। সেই বৃত্ত থেকে বের হতে পারিনি।’সাংসদ তারানা হালিম বলেন, ‘সমস্যা সমাধানে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে।’সাংসদ তহুরা আলী নারী সাংসদদের জন্য নির্দিষ্ট এলাকার কথা উল্লেখ করে বলেন, ‘যে এলাকা চিনি না, সে এলাকার দায়িত্ব দেওয়া হলো, জায়গা চিনতে চিনতেই লেগে যাচ্ছে কয়েক বছর।’সভায় আরও বক্তব্য দেন সাংসদ রওশন জাহান, শাহীন মনোয়ারা হক, শাহিদা তারেক প্রমুখ।