সংস্কার করা হচ্ছে নিকুঞ্জ লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কারের জন্য নিকুঞ্জ লেকের এক পাশে বালু ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে। এই রাস্তা দিয়ে চলাচল করবে খননযন্ত্র। খননকাজ শেষ হলে বালু তুলে ফেলা হবে। মঙ্গলবারের ছবি l প্রথম আলো
সংস্কারের জন্য নিকুঞ্জ লেকের এক পাশে বালু ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে। এই রাস্তা দিয়ে চলাচল করবে খননযন্ত্র। খননকাজ শেষ হলে বালু তুলে ফেলা হবে। মঙ্গলবারের ছবি l প্রথম আলো

নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকাসংলগ্ন লেক সংস্কারের কাজ শুরু হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩০০ ফুট সড়কের দুই পাশে ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় লেকটি সংস্কার করা হচ্ছে।

এ আবাসিক এলাকার ১ নম্বর সড়ক থেকে ৯ নম্বর সড়ক পর্যন্ত দীর্ঘ এই লেক। লেকটির অন্য পাশে বিমানবন্দর সড়ক। লেকটি যাতে নোংরা করা না হয় এবং এতে যাতে ময়লা-আবর্জনা না ফেলা হয়, সে জন্য লেকের পাড়ে একাধিক সাইনবোর্ড লাগিয়েছে এলাকার আবাসিক কল্যাণ সমিতি। গত মঙ্গলবার দেখা যায়, লেকটির শুরু ও শেষ প্রান্তে লেকের মোট প্রস্থের প্রায় তিন ভাগের এক ভাগজুড়ে ট্রাকে করে বালু ফেলা হচ্ছে। পরে এক্সকাভেটর যন্ত্র (খননযন্ত্র) ব্যবহার করে বালু সরিয়ে রাস্তার আকার দেওয়া হচ্ছে।

রাস্তা বানানোর এই দৃশ্য দেখে শুরুতে অনেকেই ভেবেছিলেন, খাল বুঝি ভরাট হচ্ছে।

জানতে চাইলে নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মির্জা নজরুল ইসলাম বলেন, খালটি সংস্কারের অংশ হিসেবে এটি করা হচ্ছে। তিনি বলেন, খননযন্ত্র দিয়ে খাল খনন করতে হবে। কিন্তু খননযন্ত্র চালানোর জন্য রাস্তা প্রয়োজন। প্রথমে সেই রাস্তা তৈরি করা হচ্ছে। পরে খননযন্ত্র দিয়ে খালের সব ময়লা-আবর্জনা, মাটি-বালু এই রাস্তার ওপর রাখা হবে। খননকাজ শেষ হলে রাস্তার বালুও তুলে ফেলা হবে।

জানতে চাইলে প্রকল্পের অন্যতম বাস্তবায়নকারী সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকৌশল অংশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন আহমেদ বলেন, ১০০ ফুট খাল প্রকল্পের অংশ হিসেবে লেকটি সংস্কার করা হচ্ছে। এই লেকের সঙ্গে ১০০ ফুট খালের সংযোগ থাকবে। তিনি আরও বলেন, লেকের একটি অংশে পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইসগেট আছে। স্লুইসগেটটি আগের মতো সচল নেই। যতটুকু পানি যাওয়ার কথা তার ৯০ শতাংশই যায় না। এই গেটটিও সচল করা হবে। পাশাপাশি লেকের ধারে ওয়াকওয়ে (হাঁটার জায়গা) নির্মাণ করা হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২ আবাসিক এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার পানি এই লেকে এসে জমা হয়। পরে স্লুইসগেটের মাধ্যমে পানি বিমানবন্দর সড়কের নিচ দিয়ে আশপাশের নিম্নাঞ্চলে প্রবাহিত হয়। স্লুইসগেট বন্ধ হয়ে যাওয়ায় গত বর্ষা মৌসুমে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। খালটি সংস্কার করে ১০০ ফুট খালের সঙ্গে এর সংযোগ দিলে এই এলাকায় জলাবদ্ধতা থাকবে না।