সংস্কার করা হচ্ছে লালবাগের মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগের শহীদ হাজি আবদুল আলিম ঈদগাহ খেলার মাঠের সংস্কারকাজ শুরু হয়েছে৷ গতকালের ছবি l প্রথম আলো
লালবাগের শহীদ হাজি আবদুল আলিম ঈদগাহ খেলার মাঠের সংস্কারকাজ শুরু হয়েছে৷ গতকালের ছবি l প্রথম আলো

অবশেষে পুরান ঢাকার লালবাগের শহীদ হাজি আবদুল আলীম ঈদগাহ খেলার মাঠের সংস্কারকাজ শুরু হয়েছে। অযত্ন-অবহেলায় মাঠটি দীর্ঘদিন খেলাধুলার অনুপযোগী হয়ে ছিল।
এই খেলার মাঠের সংস্কারকাজ শুরু হওয়ায় মহল্লার শিশু-কিশোর ও যুবকদের মনে স্বস্তি ফিরেছে। এই মাঠ পুরান ঢাকার মধ্যে আয়তনে অন্যতম বড় বলে জানিয়েছেন তাঁরা। গত ৮ সেপ্টেম্বর ‘লালবাগের ঈদগাহ মাঠটি খেলার অনুপযোগী’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের আন্তর্ভুক্ত।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পেলোডার দিয়ে মাঠে মাটি ফেলা হচ্ছে। আরেকটি যন্ত্র দিয়ে এই মাটি সমান করার কাজ চলছে৷ ইতিমধ্যে মাঠের প্রায় ৯০ শতাংশে মাটি ফেলা সম্পন্ন হয়েছে। এর মধ্যেই মাঠে কয়েকটি দলে ক্রিকেট খেলছে মহল্লার শিশু-কিশোরেরা। মাঠের পূর্ব পাশে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। ক্লাবের ভেতর কাউকে পাওয়া যায়নি। পশ্চিম ও উত্তর পাশের বিভিন্ন জায়গায় বাঁশ পুঁতে হাসপাতালের কাপড় শুকানো হচ্ছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, এসব কাপড় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের।

মো. শাহিন এই মাঠে নিয়মিত ক্রিকেট খেলেন। স্থানীয় এই যুবক বলেন, অনেক দিন ধরে বেহাল পড়ে ছিল এই মাঠ। এতে তাঁরা নিয়মিত খেলাধুলা করতে পারতেন না। বৃষ্টি হলেই কাদাপানিতে সয়লাব হয়ে যেত। আর শুষ্ক মৌসুমে বাতাসে উড়ত ধুলাবালি। এখন তা সংস্কার করায় মহল্লার শিশু-কিশোরসহ সবাই খুশি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, তিন বছর আগে এই মাঠে লেগুনা, পিকআপ রাখা হতো। ভেতরে অনেক দোকানপাটও ছিল। এতে মাঠটি দিনে দিনে খেলাধুলার অনুপযোগী হয়ে যায়৷ পরে এসব উচ্ছেদ করে ডিএসসিসি। কিন্তু এত দিন তা সংস্কার করা হয়নি৷

জানতে চাইলে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই খেলার মাঠসহ ঢাকা শহরের ৩১টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন প্রকল্প নিয়েছে ডিএসসিসি। ইতিমধ্যে এই মাঠসহ অন্যগুলোর নকশা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই দরপত্র চূড়ান্ত করে নকশা অনুযায়ী কাজ শুরু করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আগে সাময়িকভাবে মাঠটি খেলাধুলার উপযোগী করতেই মাটি ফেলা হচ্ছে। তিনি বলেন, এটি পুরান ঢাকার অন্যতম বড় মাঠ। এখানে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা নিয়মিত প্র্যাকটিস করেন। এ ছাড়া মহল্লার অনেকেই এই মাঠে প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টের আয়োজন করেন।