বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিলনায়তন সংস্কারের জন্য ডাচ্-বাংলা ব্যাংক দুই কোটি টাকা সহায়তা দিয়েছে। গতকাল সোমবার বিএসএমএমইউয়ের মিল্টন হলে ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ উপাচার্য প্রাণগোপাল দত্তের কাছে সহায়তার চেক তুলে দেন।এ সময় উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, মিলনায়তনটি দীর্ঘদিন অব্যবহূত ছিল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মিলনায়তনের আধুনিকায়নে এগিয়ে এসেছে ডাচ্-বাংলা ব্যাংক। তিনি ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক সামাজিক দায়বদ্ধতা পালনে সব সময় সচেষ্ট। এরই অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দুস্থ ও অসহায় জনগণকে পুনর্বাসন, মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ও জীবনযাত্রার মানোন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংক আর্থিক সহায়তা দিয়ে আসছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) রুহুল আমিন মিয়া, সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সহিদুল্লাহ, কোষাধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, মোসাদ্দিকুর রহমান প্রমুখ।