সংস্কৃতিকর্মীদের হেফাজতের জুজুর ভয় দেখানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিকর্মীদের হেফাজতের জুজুর ভয় দেখানো হচ্ছে। কিন্তু তাঁরা কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস করবে না। সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

গতকাল শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট এক অবস্থান ধর্মঘটের আয়োজন করে। ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতিবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী রুখে দাঁড়াও’ শিরোনামে অবস্থান ধর্মঘটে সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন। শিল্পীরা একটি ক্যানভাসে বাউলশিল্পী ও রাজাকারের ছবি আঁকেন। ‘ও আমার দেশের মাটি...’ গানটি গেয়ে শোনান শিল্পী বুলবুল ইসলাম। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীও একটি গান পরিবেশন করে। আবৃত্তি করেন নায়লা তারান্নুম কাকলি ও শাহাদত হোসেন।

সংস্কৃতিকর্মীদের হেফাজতের জুজুর ভয় দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, তাঁরা মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসে সোচ্চার। ভোটের রাজনীতির স্বার্থে সরকার হেফাজতের সঙ্গে সখ্য গড়ে তুলেছে। সংস্কৃতিকর্মীরা কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস করবে না। তিনি আরও বলেন, হেফাজতকে বড় রাজনৈতিক দল বানানোর চেষ্টা চলছে। সরকার তাদের কাছে টানার মাধ্যমে তা প্রমাণ করার চেষ্টা করছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ তাঁর বক্তব্যে দেশের বিভিন্ন পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, দেশে তনু হত্যার বিচার হয় না। ভাস্কর্য আর মূর্তি গুলিয়ে ফেলা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করা হচ্ছে। ভাস্কর্যকে যখন মূর্তি বলা হয়, তখন সামগ্রিক শিক্ষা-দীক্ষা পরাজিত হয়।

মুক্তিযোদ্ধা ও অভিনেতা জিয়াউল হাসান বলেন, ‘পাঠ্যপুস্তক বোর্ডে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, সেখানে প্রায় এক যুগ আগে থেকে মৌলবাদীরা কাজ করছে। ফলে ই-তে ইলিশের পরিবর্তে আমাদের শিশুদের বইয়ে ই-তে ইমাম যুক্ত করা হয়েছে।’ গণসংগীত সমন্বয় পরিষদের সহসভাপতি ফকির আলমগীর বলেন, ‘ভাস্কর্যের অপব্যাখ্যার বেলায় দেশের দুই বড় দল ঐক্যবদ্ধ। অন্য কোনো বিষয়ে তাদের মতের যত অমিলই হোক, তারা এ বিষয়ে ঐক্যবদ্ধ।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, আওয়ামী লীগ ভুল করছে। বাঙালি কখনো মৌলবাদী শক্তিতে বিশ্বাস করে না। আর শক্তি দিয়ে কখনো কোনো কিছু অর্জন করা যায় না।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ অবস্থান ধর্মঘটের সমাপনী বক্তব্যে বলেন, আগামী ২২ জুলাই ঢাকায় জোটের কনভেনশন হবে। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। অবস্থান ধর্মঘটে মুহাম্মদ সামাদ, নিসার চৌধুরী, চারুশিল্পী কামাল পাশা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।