সংস্কৃতিকর্মীরাই দানব নামের মানুষদের খুঁজে বের করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে দুই ধরনের মানুষ আছে। মানবীয় মানুষ ও দানবীয় মানুষ। এই দানবীয় মানুষদের খুঁজে বের করতে পারেন সংস্কৃতিকর্মীরা। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই তাদের প্রতিহত করা যায়।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত জাতীয় সাংস্কৃতিক সম্মেলনের শেষ দিনে এই সেমিনারের আয়োজন করা হয়।‘সাংস্কৃতিক আন্দোলন: বতর্মানের দৃষ্টিতে ভবিষ্যত্ ভাবনা’ শীর্ষক এই সেমিনারের সভাপতি ছিলেন শিক্ষাবিদ বদিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেজাউল করিম সিদ্দিক। আলোচনায় অংশ নেন সৈয়দ হাসান ইমাম, এম এম আকাশ, সফিউদ্দিন আহমদ, কাজী মদিনা ও নিরঞ্জন অধিকারী।রেজাউল করিম তাঁর প্রবন্ধে বলেন, ‘ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের সঙ্গে সঙ্গে মানবকে দানবের হাত থেকে রক্ষার জন্য কেবল রাজনৈতিক নয়, সাংস্কৃতিক সংগ্রামও গড়ে উঠেছিল। কারণ ক্ষমতার লড়াইয়ের সঙ্গে যদি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রশ্নটি থাকে, তখন সেটি রাজনৈতিক সংগ্রামের চেয়েও অনেক বেশি সাংস্কৃতিক সংগ্রামে পরিণত হয়।’রেজাউল করিম আরও বলেন, অতীতের সরকারগুলোর ছত্রচ্ছায়ায় দেশে উগ্র জঙ্গিবাদীরা বেড়ে উঠেছে। উদীচী থেকে শুরু করে শেখ হাসিনার জনসভায় বোমা হামলাকারীদেরও আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব মূলত তাত্ক্ষণিক সমাধানের পথ খোঁজে, আর সংস্কৃতিকর্মীরা গভীরে প্রবেশ করে সমস্যার শেকড়সহ উপড়ে ফেলে।’বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন জেলা শহরের উদীচী শাখার শিল্পীদের পরিবশেনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের জাতীয় সাংস্কৃতিক সম্মেলনের ইতি ঘটে।