রাজধানীর ফকিরাপুল থেকে ট্রাভেল এজেন্সির এক কর্মীকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে মেরাজ এয়ার ইন্টারন্যাশনাল থেকে প্রতিষ্ঠানের কর্মী জহিরুল হককে (৩৯) দুর্বৃত্তরা অপহরণ করে মাইক্রোবাসে করে নিয়ে যায়। মুক্তিপণের টাকা দেওয়ার পর বিকেলে তাঁকে ছেড়ে দেয়। পল্টন থানায় গতকাল সকালে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মেরাজ এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. দিদার প্রথম আলোকে বলেন, গতকাল সকালে হঠাৎ একদল লোক তাঁর কার্যালয়ে ঢুকে আমির হোসেনকে পাকড়াও করেন। আশপাশের লোকজন এলে, দুর্বৃত্তরা দাবি করেন, তাদের কাছ থেকে দুবাই পাঠানোর কথা বলে আমির হোসেনের শ্যালক টাকা নিয়েছেন। কিছুক্ষণ বাগিবতণ্ডার পর আমির হোসেনের সঙ্গে তাঁদের ভুল বোঝাবুঝি হয়েছে বলে দুর্বৃত্তরা চলে যায়। এর কিছুক্ষণ পর আমির হোসেন ও তাঁর আরেক কর্মী জহিরুল হক রতন দোতলা কার্যালয়ের নিচে নামলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা জহিরুলকে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।দিদার জানান, কিছুক্ষণ পর দুর্বৃত্তরা অপহূতের মুঠোফোন থেকে ফোন করে এক লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা টাকা জমা দিতে ব্র্যাক ব্যাংকের একটি হিসাব নম্বর দেয়। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে জানিয়ে ওই হিসাবটির লেনদেন বন্ধ করে দেওয়া হয়। পরে দুর্বৃত্তরা অপহূতের স্ত্রী ও বোনকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর গতকাল বিকেলে মিরপুর বাংলা কলেজের সামনে ৫০ হাজার টাকা দুর্বৃত্তদের দেওয়ার পর জহিরুল মুক্তি পান। জানতে চাইলে পল্টন থানার ওসি শহীদুল হক প্রথম আলোকে বলেন, মনে হয় জহিরুলের কাছে টাকা পেতেন একটি পক্ষ। সেই পাওনা টাকা আদায়ের জন্যই তারা এ পথ অবলম্বন করেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।মেরাজ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. দিদার জানান, সম্প্রতি ফকিরাপুল এলাকায় এভাবে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা শুরু হয়েছে। একটি দৃর্বৃত্তচক্র এই কাজে ট্রাভেল এজেন্সি ও জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কয়েকদিন আগে আল-নূর ইন্টারন্যাশনালেও একই রকম ঘটনা ঘটে।