সকালে ফাঁকা, বিকেল গড়াতেই অলিগলি ভরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা সংক্রমণ রোধে অকারণ বের হওয়া নিষেধ। তা অমান্য করে অযথা ঘোরাঘুরির কারণে এক ব্যক্তিকে আটক করে কলাবাগান থানা-পুলিশ। কলাবাগান, ঢাকা, জুলাই ২।
ছবি: শুভ্র কান্তি দাশ

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকালে পুরান ঢাকায় লোকজনকে বাইরে বের হতে কম দেখা গেছে। পুরান ঢাকার অধিকাংশ সড়ক ও অলিগলি দুপুর পর্যন্ত ছিল ফাঁকা। তবে বিকেল হতেই অলিগলিতে আড্ডায় মেতে ওঠে লোকজন। এ সময় অনেকেই ছিলেন মাস্ক ছাড়া।

পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, ওয়ারী ও গেন্ডারিয়া এলাকায় বিকেল পর্যন্ত এমন অবস্থায়ই ছিল। সকালে এসব এলাকায় কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা ছিল না। ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলক কম। ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশই স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করছিলেন।

দুপুরে জুমার নামাজ পড়তে স্থানীয় মসজিদগুলোতে আসেন শত শত মানুষ। মসজিদগুলোর প্রবেশপথে মাস্ক ব্যবহার করার জন্য সরকারি নির্দেশনা টাঙানো থাকলেও মুসল্লিদের অনেককে খালি মুখে আসতে দেখা গেছে।

পুরান ঢাকার বানিয়ানগর হযরত বেলাল (রা.) জামে মসজিদে নামাজ পড়তে আসা এক মুসল্লি প্রথম আলোকে বলেন, ‘মাস্ক আনতে ভুলে গেছি।’

এসব এলাকায় বিকেল গড়াতেই বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে মানুষের উপস্থিতি বেড়ে যায়। তাঁদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছিলেন না। মাস্ক ছাড়াও অনেককে আড্ডা দেওয়া ও চলাচল করতে দেখা যায়।

সন্ধ্যায় নারিন্দা বাজারে বৃষ্টির মধ্যে বাজার করতে এসেছিলেন নাফিসা খান। বাসা থেকে ছাতা নিয়ে বেরোলেও মাস্ক নিয়ে আসেননি।

নাফিসা খান বলেন, ‘বাসা পাশেই, অল্প সময়ের জন্য এসেছি। এ জন্য সঙ্গে মাস্ক আনিনি। তবে মাস্ক আনা প্রয়োজন ছিল।’

নারিন্দা বাজার থেকে একটু এগিয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় অনেক ওষুধের দোকান। মাঝেমধ্যেই মানুষ এসে এসব দোকান থেকে ওষুধ নিচ্ছেন।

এমনি জ্বর ও কাশির ওষুধ নিতে এসেছিলেন মাহামুদুল হাসান। একটু পরপর কাশি দিলেও তাঁর মুখে ছিল না মাস্ক। দোকানদার একটি মাস্ক দিলে তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন নেওয়া হয়েছে। মাস্ক পরার প্রয়োজন নেই।’

অনেকক্ষণ বোঝানোর পরও তিনি মাস্ক না পরেই দোকান থেকে চলে যান।
এ ছাড়া বিভিন্ন অলিগলিতে রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লোকজনকে স্বাস্থ্যবিধি না মেনেই আড্ডা দিতে দেখা যায়।