ঢাকার আশপাশের চারটি নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করায় পাঁচজন সচিব ও ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী রক্ষায় আদালতের নির্দেশনা অনুসারে স্থায়ী-অস্থায়ী স্থাপনা অপসারণ না করার অভিযোগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল রোববার আবেদনটি করা হয়। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।গতকাল দুপুরে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ আবেদনটি করেন। এতে পরিকল্পনা, নৌপরিবহন, যোগাযোগ, অর্থ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ভূমি জরিপ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে বিবাদী করা হয়।আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে জানান, ছয়জন সচিব ও ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে ২ জুলাই আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়। হাইকোর্টের রায় সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে ওই চারটি নদীর ওপর থাকা স্থায়ী-অস্থায়ী সব স্থাপনা অপসারণ বা উচ্ছেদ করতে তাঁরা ব্যর্থ হয়েছেন। এ ব্যাপারে জবাব দিতে সাত দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে শুধু পরিবেশসচিব এর জবাব দেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ওই সব এলাকা পরিবেশগত সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। তবে অন্যরা কোনো জবাব না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।চার নদী রক্ষায় আদালতের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবী ২০০৯ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে ওই বছরের ২৫ জুন আদালত ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এতে এসব নদীর মধ্যকার সব স্থাপনা ২০১০ সালের ৩০ নভেম্বরের মধ্যে অপসারণের নির্দেশনাসহ নদীর তীরে সীমানাখুঁটি স্থাপন করতে বলা হয়।তবে এ নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করলে গত বছরের ৬ অক্টোবর হাইকোর্ট চলতি বছরের ৩০ মে পর্যন্ত সময় দেন। বেঁধে দেওয়া সময়ের এক মাস পেরিয়ে গেলেও ওই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে ২ জুন ছয়জন সচিব ও ছয়জন কর্মকর্তার বরাবরে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ নিতে বলা হয়, তা না হলে আদালত অবমাননার আবেদন করা হবে। এরই ধারাবাহিকতায় গতকাল আবেদনটি করা হয়।