সচিবালয়, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভূমিকম্পের ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেখা গেছে, ঢাকা মহানগরের প্রায় তিন লাখ ২৬ হাজার পাকা ভবনের মধ্যে ৭২ হাজার ভূমিকম্প-ঝুঁকির মধ্যে রয়েছে। এসব ভবনের মধ্যে সচিবালয়ের এক ও চার নম্বর ভবন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের অধিকাংশ হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে।রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প হলে এসব ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সরকার ‘রেট্রোফিটিং’-এর মাধ্যমে সচিবালয়ের ওই দুটি ভবন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ভূমিকম্পের উচ্চ তীব্রতা সহনীয় করার উদ্যোগ নিয়েছে।সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে গতকাল সোমবার অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুটমণি। সভায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভায় বলা হয়, উক্ত ভবনগুলো ভূমিকম্প-সহনীয় করার জন্য গণপূর্ত অধিদপ্তরে একটি রেট্রোফিটিং সেল গঠন করা হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) এই সেলের জন্য প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি সরবরাহ করবে।এ ব্যাপারে সভাস্থলেই সিডিএমপি এবং গণপূর্ত অধিদপ্তর, নগর উন্নয়ন বিভাগ ও হাউজ বিল্ডিং রিচার্স ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।সভায় খাদ্যমন্ত্রী বলেন, সরকার ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ থেকে জনগণের জানমাল রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই অনেক গুরুত্বপূর্ণ ভবন ভূমিকম্প-সহনীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আশা করে, বেসরকারি বিভিন্ন ভবনের মালিকেরাও এই কাজে উৎসাহী হবেন।দুর্যোগ ব্যবস্থাপনাসচিব আসলাম আলম প্রথম আলোকে বলেন, সেনাছাউনি বাদে ঢাকার সব এলাকাই ভূমিকম্প-ঝুঁকিতে রয়েছে। সেনাছাউনি পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি বলে ওই এলাকা ঝুঁকিপূর্ণ কি না, তা নির্ধারণ করা যায়নি। সচিব জানান, দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সংস্থাকে সমন্বয় করা হয়েছে। এগুলো হচ্ছে: ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সিটি করপোরেশন। সভায় জানানো হয়, জরুরি উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিসকে ইতিমধ্যে ১৩ কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে এক হাজার ২০০ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ সংখ্যা তিন হাজারে উন্নীত করা হবে। এসব স্বেচ্ছাসেবকের ব্যবহারের জন্য পাঁচ কোটি টাকার হালকা যন্ত্রপাতি কেনা হয়েছে। সভায় আরও জানানো হয়, ভূমিকম্প গবেষণার জন্য ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, ঢাকা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের ২৮টি বিদ্যালয়ে মহড়ার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও ৬৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও সভায় জানানো হয়।