ঈদের পর প্রথম কর্মদিবসে গতকাল সোমবার রাজধানীর রাস্তাঘাট, সচিবালয় ও ব্যাংকপাড়ায় ছিল ঈদের আমেজ। রাস্তাঘাটে যান চলাচল ছিল খুবই কম। নগরের প্রধান সড়কগুলোতে রিকশা চলেছে। দোকানপাট বেশির ভাগই ছিল বন্ধ। অফিস আদালতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। সচিবালয় ও মতিঝিল ব্যাংকপাড়ার চিরচেনা ব্যস্ততাও ছিল না।তিন দিনের ঈদের ছুটির পর গতকাল সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও অন্য কর্মকর্তাদের খুব কম উপস্থিতি দেখা যায়। সচিবালয়ের সামনে ছিল না গাড়ির জটলা। লিফটের সামনে একেবারে ফাঁকা। দর্শনার্থীদের আনাগোনা ছিল না বললেই চলে। মন্ত্রী, প্রতিমন্ত্রীদের অনেকেই হজে গেছেন। আইন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সকালের দিকে উপস্থিত থাকা মন্ত্রী বা অন্য কর্মকর্তাদের অনেকেই দুপুরের পর বাসায় চলে যান। যে কজন উপস্থিত ছিলেন, তাঁরা কার ঈদ কেমন হলো, সেই আলোচনায় মেতে উঠেছিলেন। গতকাল বিকেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীসহ বেশির ভাগ কর্মকর্তাই সারা দিন কাজ করেছেন। তবে ঈদের ছুটির পর প্রথম দিনই অফিসে এলেন কি না, তার চেয়ে সারা বছর মন্ত্রণালয় কেমন কাজ করল, সেটাই আসল কথা।এক মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্য মন্ত্রণালয়ে এসে শুভেচ্ছা বিনিময়ও করেছেন। তথ্যমন্ত্রীর একান্ত সচিব শহীদুল হক ভূইয়া কয়েক দিন আগেও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ফলে এ মন্ত্রণালয়ের প্রতি টান এখনো আছে। গতকাল বিকেলে কাজের ফাঁকে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যান আগের কর্মস্থলে।শহীদুল হক ভূইয়া প্রথম আলোকে জানান, ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুপস্থিত থাকলেও এ মন্ত্রণালয়ের সচিব এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস দেশের বাইরে আছেন। সচিবের রুটিন দায়িত্ব পালনকারী মো. হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, বয়স্ক ভাতা বিতরণসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ ফেলে রাখার উপায় নেই। ফলে সারা দিনই ফাইলে সই করতে হয়েছে।অফিস পাড়া মতিঝিলে গতকাল ছিল সুনসান নীরবতা। রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের দিলকুলা শাখায় দুপুর একটার দিকে টাকা তোলার একটি কাউন্টারে একজন মাত্র গ্রাহক দেখা গেল। একজন কর্মকর্তা বলেন, আগামী দু-তিন দিনের আগে পূর্বের অবস্থায় ফিরে আসবে না ব্যাংকপাড়া।শাপলা চত্বরের সামনে গাড়ি চলাচল কম। লাগোয়া সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে গিয়ে গ্রাহক চোখে পড়ে না। এটি দেশের সবচেয়ে বড় শাখা ব্যাংক।ঈদের আগে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে নতুন টাকা তুলতেও গ্রাহকের উপচে পড়া ভিড় ছিল। গতকাল কাউন্টারগুলো শূন্য পড়ে থাকতে দেখা গেছে। উপস্থিত অফিস কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে কোলাকুলি ও আলাপ-আলোচনা করেই বেশি সময় কাটিয়েছেন। বিভিন্ন ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে অনেকে ছুটি নিয়ে গ্রামে বেড়াতে গেছেন। জানা গেল, ছুটি ভোগকারী অনেক কর্মকর্তা-কর্মচারীই আগামী বৃহস্পতি অথবা রোববার এসে কাজে যোগ দেবেন। অফিসে আসা কর্মকর্তা-কর্মচারীদের গতকাল দুপুরের খাবার নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। হোটেল খোলা না থাকায় অনেককে দুপুরে অনাহারে থাকতে হয়েছে। ব্যাংকের সময়সূচি অনুসারে ছয়টা পর্যন্ত অফিস খোলা থাকার কথা থাকলেও গতকাল গ্রাহক না থাকায় ঢাকার বিভিন্ন শাখা আগেভাগেই বন্ধ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এক-দুজন কর্মকর্তা ব্যাংকে থেকেছেন, বাকিরা অফিস ছুটির অনেক আগেই বাসায় চলে গেছেন।ঢাকার শেয়ারবাজার অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল পর্যন্ত বন্ধ ছিল। ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ মঙ্গলবার খুলবে।