সচিবালয়ে অনলাইনে দর্শনার্থী পাস চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অনলাইন দর্শনার্থী পাস পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জানুয়ারি থেকে এ পাস নিতে পারবেন দর্শনার্থীরা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এ উদ্যোগে কারিগরি এবং আর্থিক সহায়তা প্রদান করবে। এতে খরচ হবে ৩৪ লাখ টাকা, যার পুরোটাই দেবে এটুআই । জানা গেছে, বর্তমানে সচিবালয়ে পাস দেওয়ার সময় দর্শনার্থীকে নাম, পদবি ও ঠিকানাসংবলিত একটি হাতে লেখা স্লিপ দেওয়া হয়। এ পদ্ধতিতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং নিরাপত্তার বিষয়টিও পুরোপুরি নিশ্চিত হয় না। তা ছাড়া স্লিপটি হারিয়ে গেলে দর্শনার্থীকে ভোগান্তিতে পড়তে হয়। সমঝোতা স্মারক অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে অনলাইন পাস চালু হলে দর্শনার্থীদের ভোগান্তি কমার পাশাপাশি সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকি অনেক কমে যাবে। এ ব্যবস্থা চালু হলে দিনে প্রায় তিন হাজার দর্শনার্থী সচিবালয়ে প্রবেশের সুবিধা পাবেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ সহজে বাস্তবায়নযোগ্য কতগুলো উদ্যোগ চিহ্নিত করে যা ‘সহজসাধ্য উদ্যোগ’ নামে পরিচিত।এটুআই প্রোগ্রামের আর্থিক ও কারিগরি সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহজসাধ্য উদ্যোগ কার্যক্রমের আওতায় বাংলাদেশ সচিবালয়ে অনলাইন দর্শনার্থী পাস চালুর উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিরাপত্তা ও অভিবাসন) মো. শফিকুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।