সচেতনতা কিডনির দীর্ঘস্থায়ী জটিলতা থেকে রক্ষা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূত্রতন্ত্রের সংক্রমণে দ্রুত ও সঠিক চিকিৎসা নিলে দীর্ঘস্থায়ী কিডনির জটিলতা থেকে নিজেকে রক্ষা করা যায়। কিডনি প্রতিস্থাপন অথবা ডায়ালাইসিস নেওয়ার মতো বিকল্পহীন অবস্থায় পড়তে হয় না।এ বিষয়ে মানুষকে সচেতন করতে আজ বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করছে সরকারের জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট।কর্মসূচির অংশ হিসেবে পোস্টার সাঁটা, লিফলেট বিলি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউটের চিকিৎসক জামানুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই সপ্তাহ উপলক্ষে বহির্বিভাগে চিকিৎসার পাশাপাশি মূত্রতন্ত্রের রোগ সম্পর্কে রোগীদের পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া রাজধানীর নাখালপাড়া হাইস্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হবে।প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, কিডনি নালি, প্রস্রাবের থলি, প্রোস্টেট গ্রন্থি ও মূত্রনালির রোগ বা সংক্রমণ বাড়তে না দিয়ে সঠিক চিকিৎসা নিলে কিডনি বিকল হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।সপ্তাহ উপলক্ষে প্রকাশিত পোস্টার ও লিফলেটে বলা হচ্ছে: ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা-পোড়া, প্রস্রাবের পরিমাণ ও বেগ কমে যাওয়া, প্রস্রাব করার পরও আরও প্রস্রাব হতে পারত এমন বোধ হতে থাকা, প্রস্রাবে ফেনা হওয়া, প্রস্রাবে রক্ত বা পুঁজের উপস্থিতি, কোমরের দুই পাশে বা তলপেটে ব্যথা হওয়া প্রভৃতি মূত্রতন্ত্রের রোগের লক্ষণ। এসব লক্ষণ বুঝতে পারামাত্র মানুষকে সংশ্লিষ্ট বিষয়ের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।প্রতিরোধের বিষয়ে বলা হয়েছে, জন্মের পরই শিশুর পুরুষাঙ্গ স্বাভাবিক আছে কি না, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া, পূর্ণবয়স্ক মানুষের ২৪ ঘণ্টায় আড়াই থেকে তিন লিটার ও শিশুদের এক থেকে দেড় লিটার পানি পান করা; বেশি সময় প্রস্রাব আটকে না রাখা; খাবারে রং ব্যবহার না করা, ডায়রিয়ায় দ্রুত চিকিৎসা নেওয়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা কিডনি সুস্থ রাখার জন্য জরুরি।