সচেতনতার অভাবে উন্নয়নকাজের সুফল মেলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের প্রচুর কর্মসূচি রয়েছে। তবে সেবাদাতা প্রতিষ্ঠান এবং গ্রহণকারীদের সচেতনতার অভাব থাকায় কর্মসূচিগুলোর সুফল পুরোপুরি পাওয়া যায় না। এসব ক্ষেত্রে এনজিওগুলোর গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি ব্যাপক ভূমিকা রাখতে পারে।

‘সামাজিক দায়বদ্ধতা এবং দারিদ্র্য প্রতিরোধী সেবাদানের অগ্রগতি’ শীর্ষক এক সেমিনারে কথাগুলো বলেন বক্তারা। রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর আয়োজন করে। মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় এনজিও ফোরাম ২০১৪ সাল থেকে ‘হতদরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও সুশাসন সুরক্ষিত করা’ (এসপিএসআরজি) নামের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। সেমিনারে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এনজিওগুলো উন্নয়নের মডেল তুলে ধরবে। বৃহৎ পরিসরে এই মডেল বাস্তবায়নে সরকার কাজ করবে।

প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হান্নান বলেন, সরকার ও এনজিও একে অন্যকে দোষারোপ না করে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে সাফল্য ত্বরান্বিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ তুলে ধরেন এসপিএসআরজি প্রকল্পের সমন্বয়ক মীম তাবাসসুম।