সচেতনতার অভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: মেয়র তাপস
জনগণের সচেতনতার অভাব ডেঙ্গু নিয়ন্ত্রণকে দুরূহ করে তুলছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার দুপুরে নগরের হাজারীবাগ এলাকায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অনুদান প্রদান কার্যক্রম শেষে এ মন্তব্য করেন মেয়র তাপস।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অনুদান দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেল। একই সময়ে, তথা এই ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে ৬ হাজার ৯৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছে ৫ হাজার ৭৩৩ জন। এ মাসে মৃত্যু হয়েছে ১৮ জনের।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘আমরা এডিস মশার উৎসস্থলগুলো ধ্বংস করছি। কিন্তু পুরো শ্রাবণ মাসে থেমে থেমে বৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় এখনো পানি জমছে। আমাদের যদি এক বাসায় তিনবার যেতে হয়, তাহলে কাজটি অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু বাসিন্দারা যদি সচেতন হন, তাহলে কাজটি আমাদের জন্য কার্যকর হয়। এখন জনগণ যদি সচেতন না হয়, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম দুরূহ হয়ে ওঠে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তালিকা পাচ্ছি, সেটা ধরে ডেঙ্গু রোগীদের বাসায় বাসায় যাচ্ছি। এ ছাড়া বিভিন্নভাবে আমাদের কাছে যে তথ্যগুলো আসে, আমরা সেখানেও এডিস মশার বিস্তার রোধে উৎস নিধন করছি, প্রজননস্থলগুলো ধ্বংস করছি। কিন্তু তথ্যগুলো যদি পরিপূর্ণ হয়, তথ্যে বিভ্রাট না থাকে এবং তথ্যগুলো যদি সঠিকভাবে পাওয়া যায়, তবে কাজটি আরও সহজ হয়ে যাবে।’
এ প্রসঙ্গে মেয়র আরও বলেন, অনেক সময় ভুল তথ্যের কারণে এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণ দুরূহ হয়ে যায়, বিলম্বিত হয়। তিনি সংশ্লিষ্টদের সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।
এর আগে মেয়র ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউচর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ১১৬ জন শিক্ষার্থীর প্রত্যেকের মধ্যে সাড়ে ৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং ১৮৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিম, করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।