সচেতনতার অভাবে দুস্থ জনগণ আইনি সহায়তা নিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচার ও সচেতনতার অভাবে দরিদ্র জনগোষ্ঠী আইনগত সহায়তা প্রদান সংস্থার আইনি সহায়তা নিতে আসছে না। এমনকি তারা জানে না, দেশে বিনা মূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ আছে।গতকাল মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। পাশাপাশি এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।সভাপতির বক্তব্যে কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ বলেন, বিনা মূল্যে দুস্থ ও অসহায় ব্যক্তিদের আইনগত সহায়তা দেওয়ার যে একটি প্রতিষ্ঠান রয়েছে, তা অধিকাংশ জনগণই জানে না। তাই এসব জনগণ আইনি সহায়তা চাইতেও আসছে না। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আহমেদ গাজী বলেন, ‘আইনি সহায়তাগুলোর প্রতি বিচারপ্রার্থীদের কিছু বিরূপ ধারণা রয়েছে। আইনি সহায়তা সংস্থাকে এই আস্থা ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের কর্মী হিসেবে আমরা সহযোগিতা করব।’