বয়স হলে মানুষের স্বাভাবিক হাঁটাচলা কমে যায়। তবে চলাফেরায় অতিমাত্রায় ধীরগতি, হাত–পা কাঁপা বা শারীরিক ভারসাম্য বজায় রাখা কঠিন হলে, সেটি পারকিনসনস নামে স্নায়ুরোগের লক্ষণ হতে পারে। রোগটি নিয়ন্ত্রণযোগ্য, তবে একেবারে নিরাময়যোগ্য নয়। সচেতন থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
রাজধানীর তেজগাঁওয়ে আজ বুধবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সাধারণত ৬০-এর বেশি বয়সীদের পারকিনসনস রোগ দেখা দেয়। অল্পবয়সীদেরও এ রোগের ঝুঁকি আছে বলে জানান তাঁরা।
আগামী ১১ এপ্রিল বিশ্ব পারকিনসনস দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ফিরোজ আহমেদ কোরাইশি বলেন, পারকিনসনস একটি মস্তিষ্কের রোগ। এ রোগে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিশেষ জায়গার কোষগুলো মরে যায়।
পারকিনসনসের চিকিৎসা প্রসঙ্গে সংগঠনটির মহাসচিব অধ্যাপক আবু নাসার রিজভী বলেন, মস্তিষ্কের কোষ শুকিয়ে নষ্ট হলে তা চিকিৎসা করে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা হলে রোগী অনেক দিন ভালো থাকেন। এ রোগের বেশির ভাগ ওষুধ সহজলভ্য ও দামে কম। খুব বেশি জটিল রোগীর ফিজিওথেরাপি প্রয়োজন।
এ রোগের বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। দৈনিক এমন কিছু খেলা খেলতে হবে, যাতে মানুষের মস্তিষ্কের কার্যক্রম সচল থাকে। যত বেশি সচল রাখা যাবে, তত বেশি সুস্থ থাকা যাবে—বলেন আবু নাসার।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী বলেন, সাধারণত হাত-পা কাঁপা, হাঁটাচলায় ধীরগতি, হাত-পায়ের মাংস শক্ত হওয়া, সোজা হয়ে দাঁড়াতে না পারা—এসব পারকিনসনসের লক্ষণ। ৬০–এর বেশি বয়সী মানুষকে এ রোগে আক্রান্ত হতে দেখা যায়। তবে অল্পবয়সীদেরও এটি হতে পারে।
পারকিনসনস রোগীর সংখ্যা কত, খুব নির্দিষ্ট করে এ ধরনের কোনো পর্যবেক্ষণ নেই উল্লেখ করে মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক হাসান জাহিদুর রহমান বলেন, এ অসুখ একবার হলে সারে না। তবে নিয়ন্ত্রণ করা যায়। ধরা হয়ে থাকে, প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১২০ জন এতে আক্রান্ত। পর্যবেক্ষণে দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বছরে প্রতি লাখে ৮ থেকে ২১ জন পারকিনসনসে আক্রান্ত হন। এটি ছোঁয়াচে নয়। তবে বিশেষ কিছু জিনের কারণে বংশপরম্পরায় এ রোগ হতে পারে।
পারকিনসনসের চিকিৎসা ও পরামর্শ প্রসঙ্গে সংগঠনটির সদস্যসচিব আহসান হাবীব বলেন, এর অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ডিপ ব্রেন সিমুলেশন। এটি অত্যন্ত সূক্ষ্ম অস্ত্রোপচার, যা দেশে শুরু হয়েছে। রোগী শয্যাশায়ী হলে আরও আধুনিক চিকিৎসা আছে। তিনি বলেন, পারকিনসনস হলে চিকিৎসা কোনোভাবেই বন্ধ করা যাবে না। শারীরিক নড়াচড়া চালিয়ে যেতে হবে। পরিবারের সদস্যদের এ রোগ সম্পর্কে সচেতনতা আরও বেশি জরুরি।
এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০১৪ সাল থেকে মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ কাজ করছে বলে জানান আহসান হাবীব।